গতকাল মঙ্গলবার রাতে বোর্নমাউথের মাঠে আতিথ্য নিয়েছিল ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগ শিরোপার দৌড়ে টিকে থাকতে এ ম্যাচে জয়ের বিকল্প ছিল না পেপ গার্দিওলার দলের।
কিন্তু জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ম্যান সিটি। উল্টো প্রায় হারতে বসা ম্যাচে কোনোমতে ১-১ গোলে ড্র করেছে সিটিজেনরা। আর তাতে ২২ বছর পর প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে আর্সেনাল।
গতকাল বোর্নমাউথকে হারাতে পারলে লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ম্যান সিটির পয়েন্ট ব্যবধান ২-এ নেমে যেত। তাতে প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত হতো লিগের শেষ ম্যাচে। কিন্তু গতকাল ড্র করায় লিগের ৩৭ ম্যাচ শেষে ম্যান সিটির পয়েন্ট ৭৮। সমান ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। অর্থাৎ গার্দিওলার দল গতকাল ড্র করায় লিগের এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন বনে গেছে আর্সেনাল। এতে ২২ বছরের অপেক্ষার অবসান ঘটল লন্ডনের ক্লাবটির।
গতকালের ম্যাচে ৩৯ মিনিটে জুনিয়র ক্রুপির গোলে এগিয়ে গিয়েছিল বোর্নমাউথ। এরপর আপ্রাণ চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারছিল না সিটি। মনে হয়েছিল, গার্দিওলার দল বোধহয় ম্যাচটা হেরে যাবে। তবে যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে আর্লিং হলান্ডের গোলে হার এড়ায় সিটি। কিন্তু হার এড়ালেও শিরোপার আশা শেষ হয়ে যায় গার্দিওলার শিষ্যদের।
এদিকে ভাইটাইলিটি স্টেডিয়ামে যখন ম্যাচের শেষ বাঁশি বাজে, আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামের বাইরে শুরু হয় উন্মাদনা। দলটির সমর্থকেরা রীতিমতো বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন। দীর্ঘ ৮ হাজার ৬০ দিন অপেক্ষার পরে শিরোপা, উদযাপনের মাত্রা বেশিই হওয়ার কথা।
আর্সেনাল মিডফিল্ডার ডেকলান রাইস ইনস্টাগ্রামে সতীর্থদের সঙ্গে উদযাপনের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমি তো আগেই বলেছিলাম... কাজ শেষ।’ আসলেই কাজ শেষ করেছে আর্সেনাল। এখন লিগে বাকি থাকা ম্যাচটা আর্তেতার শিষ্যদের জন্য শুধুই নিয়মরক্ষার।
প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি আর্সেনালের ১৪তম লিগ শিরোপা। লন্ডনের ক্লাবটির চেয়ে এ শিরোপা বেশি জিতেছে শুধু লিভারপুল ও ম্যান ইউনাইটেড (২০টি করে)। ২০০৩-০৪ মৌসুমে আর্সেন ওয়েঙ্গারের অধীনে অপরাজিত থেকে ‘ইনভিন্সিবলস’ খ্যাতি পাওয়ার পর এবারই প্রথম লিগ জিতল আর্সেনাল।
তাতে একটা রেকর্ডে উঠেছে মিকেল আর্তেতার নামও। আর্তেতাই প্রিমিয়ার লিগের প্রথম সাবেক খেলোয়াড়, যিনি কোচ হিসেবে প্রিমিয়ার লিগ জয়ের কীর্তি গড়লেন।
অবশ্য সর্বশেষ তিন মৌসুমেও লিগ শিরোপার খুব কাছে গিয়েছিল আর্তেতার দল। কিন্তু ওই তিনবারই রানার্স-আপ হয়েই মৌসুম শেষ করতে হয়েছে আর্সেনালকে। তবে এবার আর সেটার পুনরাবৃত্তি হতে দেননি আর্তেতা। বলতে গেলে মৌসুম জুড়েই লিগের শীর্ষে ছিল আর্সেনাল। শেষ দিকে সিটি দৌড়ে যোগ দিলেও, শেষ পর্যন্ত আর পেরে উঠল না গার্দিওলার দল।
এবার আর্সেনালের সাফল্যের পিছনে দলটির জমাট রক্ষণের যেমন ভূমিকা ছিল, তেমনি বড় অবদান ছিল সেট পিসে অসাধারণ দক্ষতা। এখন পর্যন্ত লিগে খেলা ৩৭ ম্যাচের মোটে ২৬টি গোল হজম করেছে আর্তেতার দল, এর মধ্যে ক্লিনশিট রেখেছে ১৯ ম্যাচে! অন্যদিকে সেট পিস থেকে এবার সর্বোচ্চ ২৪টি গোল করেছে আর্সেনাল। শুধু কর্নার থেকেই প্রিমিয়ার লিগ ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ ১৮টি গোল করেছে আর্তেতার শিষ্যরা। এমন দুর্দান্ত পারফরম্যান্সেই ২২ বছর পর প্রিমিয়ার লিগের স্বাদ পেল আর্সেনাল।
এদিকে গতকালের ম্যাচ শেষে আর্সেনালকে অভিনন্দন জানাতে ভোলেননি ম্যান সিটি কোচ। পেপ গার্দিওলা বলেছেন, ‘আর্সেনালকে অভিনন্দন। মিকেল (আর্তেতা), কোচিং স্টাফ, ব্যাকরুম স্টাফ এবং সমর্থকদের এই প্রিমিয়ার লিগ শিরোপার জন্য শুভেচ্ছা। ওরা এটার যোগ্য।’