বিশ্বকাপ শুরুর সপ্তাহ তিনেক আগে যুক্তরাষ্ট্র থেকে অনুশীলন ক্যাম্প সরিয়ে নিয়েছে ইরান।
এ খবর জানিয়ে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ বলেছেন, যুক্তরাষ্ট্রের বদলে মেক্সিকোয় বেজক্যাম্প করবে তাদের দল।
তবে ক্যাম্প বদলালেও গ্রুপের ভেন্যু বদলানোর চেষ্টায় সফল হতে পারেনি ইরান। অবশ্য সেটা অবশ্য সফল হওয়ার সম্ভাবনাও বলতে গেলে শূন্যই ছিল। অর্থাৎ, গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচ যুক্তরাষ্ট্রেই হচ্ছে। ১৫ জুন নিউজিল্যান্ড, ২১ জুন বেলজিয়াম ও ২৬ জুন মিসরের বিপক্ষে ম্যাচ ইরানের।
মেহদি তাজ বলেন, ভিসাপ্রাপ্তির ক্ষেত্রে উদ্ভূত সমস্যার কারণে যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে ক্যাম্প পরিবর্তন করার অনুমতি দিয়েছে ফিফা।
মেক্সিকোতে যে শহরে ক্যাম্প করবে ইরানের দল, সেটি মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ঠিক মাঝখানে অবস্থিত। সেখান থেকে ফ্লাইটে গিয়ে খেলে এবং ম্যাচ সংশ্লিষ্ট অন্যান্য দায়িত্ব শেষেই আবার ক্যাম্পে ফিরে যাবে ইরান।
ফ্লাইটের ক্ষেত্রে ‘ইরান এয়ার’-এ করেই দলকে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া ও ফেরার ব্যবস্থা করার চেষ্টা ইরানের ফুটবল ফেডারেশন করবে বলে জানাচ্ছে কিছু কিছু সংবাদমাধ্যম। প্রসঙ্গত, ১৯৭৯ সালের নভেম্বর থেকেই এয়ার ইরান তো বটেই, ইরানের সব সরকারি, বেসরকারি বা ব্যক্তিগত এয়ারলাইনসকেই যুক্তরাষ্ট্রের মাটিতে নামা কিংবা যুক্তরাষ্ট্রের আকাশপথ দিয়ে ওড়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র।
ইরানের ফুটবল দল বর্তমানে তুরস্কের আন্তালিয়াতে প্রস্তুতি নিচ্ছে।
১১ জুন শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল।