তিন বছরের চুক্তিতে ফের রেয়াল মাদ্রিদের দায়িত্ব নিচ্ছেন মরিনিও

জোসে মরিনিও আবারও রেয়াল মাদ্রিদের কোচ হচ্ছেন, গত কয়েক সপ্তাহ জুড়েই এমন খবর শোনা যাচ্ছিল। কিন্তু পর্তুগিজ কোচের সঙ্গে এখন পর্যন্ত আনুষ্ঠানিক চুক্তির ঘোষণা দেয়নি রেয়াল মাদ্রিদ। এবার ভিন্ন খবর দিয়েছে বিবিসি। ব্রিটিশ সংবাদমাধ্যমটির দাবি, এরই মধ্যে মাদ্রিদের নতুন কোচ হিসেবে চুক্তি স্বাক্ষর করেছেন মরিনিও। এ চুক্তির মেয়াদ তিন বছর বলে জানিয়েছে বিসিবি।

তবে এই চুক্তিতে একটা শর্তের কথা উল্লেখ করেছে বিবিসি। আগামী ৭ জুন রেয়াল মাদ্রিদের সভাপতি নির্বাচন শেষ না হওয়ার পর্যন্ত মরিনিওকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে না। সেখানেই শেষ নয়, ওই নির্বাচনে ফ্লোরেন্তিনো পেরেস জিতলেই শুধু এই চুক্তি বৈধতা পাবে!

পেরেস অবশ্য দীর্ঘ সময় ধরেই রেয়াল মাদ্রিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রথম দফায় ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত দায়িত্ব পালনের পর, ২০০৯ সালে ফের রেয়াল মাদ্রিদের সভাপতির পদে বসেন পেরেস। সেই থেকে মাদ্রিদের সভাপতি ৭৯ বছর বয়সী পেরেসই।

গত দুই দশকে রেয়াল মাদ্রিদের সভাপতি নির্বাচনে পেরেসের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। এবার তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছেন নবায়নযোগ্য জ্বালানি খাতের ব্যবসায়ী এনরিকে রিকেলমে। তবে ধারণা করা হচ্ছে, পেরেসই আবার জয়ী হবেন।

তা পেরেস কেন হঠাৎ মরিনিওকে মাদ্রিদদে ফেরাতে উঠে পড়ে লেগেছেন? সর্বশেষ দুই মৌসুমে কোনো শিরোপা জিততে পারেনি মাদ্রিদ। সে কারণে পর্তুগিজ ‘স্পেশাল ওয়ানে’র ওপর আরেকবার ফেরাচ্ছে স্প্যানিশ ক্লাবটি।

এর আগে ২০১০ এর জুলাই থেকে ২০১৩ পর্যন্ত রেয়াল মাদ্রিদের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মরিনিও। সে সময় তাঁর অধীনে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জিতেছিল মাদ্রিদ।

৬৩ বছর বয়সী মরিনিও বর্তমানে বেনফিকার দায়িত্বে আছেন। গত সেপ্টেম্বরে দলটির দায়িত্ব নিয়ে চলতি মৌসুমে প্রাইমেইরা লিগায় বেনফিকাকে তৃতীয় স্থানে নিয়ে যান স্প্যানিশ ওয়ান। বিবিসি জানিয়েছে, মরিনিও যে আর বেনফিকায় থাকছেন না, এটা এরই মধ্যে ক্লাবটিকে জানিয়ে দিয়েছেন।