সাফ নারী চ্যাম্পিয়নশিপ 

সন্ধ্যায় ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, হ্যাটট্রিক শিরোপার আশা

নারী সাফের মেগা ফাইনাল আজ। বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ভারতের গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। হ্যাটট্রিক শিরোপার লক্ষ্য লাল-সবুজের। শিরোপা পুনরুদ্ধারে মরিয়া ভারতও।  

ট্রফি নিয়ে গোয়ার সমূদ্রপাড়ে আনুষ্ঠানিক ফটোসেশন হয়েছে বাংলাদেশ ও ভারতের। দুই চিরপ্রতিদ্বন্দ্বির লড়াইয়ে মাঠে নামার আগে বাংলাদেশ দলের অধিনায়ক মারিয়া মান্ডার চোখেমুখে আত্মবিশ্বাসের ছাপ দেখা গেছে। গেল দুই আসরের সাফজয়ী দলের সদস্য মারিয়ার কাঁধেই নেতৃত্ব।  স্নায়ুর লড়াইয়ে এগিয়ে থাকতে চান তিনি।

মাঠের ভেতর ও বাইরের নানা চ্যালেঞ্জ, চোট সমস্যা কাটিয়ে ফাইনালে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী ভারত। গ্রুপ পর্বের দেখায় স্বাগতিকদের বিপক্ষে ৩-০ গোলে হারলেও ওদের শক্তি-দুর্বলতা জেনেছে বাংলাদশে।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ পিটার বাটলার জানান, গ্রুপ পর্বে নড়বড়ে ডিফেন্স, ফ্রন্ট-টলাইনের ব্যর্থতায় ভুগেছে লাল-সবুজ। ভুল শুধরে কন্ডিশন বুঝে ফাইনাল ম্যাচে মনোযোগ ফুটবলারদের। রণকৌশল সাজাতে ব্যস্ত তিনি। 

কোচ পিটার বাটলার বলেন, ‘দলে ইনজুরি ছিল, এখন সবাই প্রস্তুত। অনেক বড় বড় দলও সেমিফাইনাল বা ফাইনালে সব সময় সেরা ফুটবল খেলে না, বরং পরিস্থিতি সামলে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করাটাই আসল। ফাইনালে নান্দনিক ফুটবলের চেয়ে জয়টাই আসল কথা।’

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক মারিয়া মান্ডা বলেন, ‘ভারত দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী দল হলেও বাংলাদেশের খেলোয়াড়রা নিজেদের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করেছে।’ 

অন্যদিকে ৬ বছর পর ট্রফি জয়ে মরিয়া ভারত। টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি ওরা। ভারতের জমাট রক্ষণভাগ ভাঙার কৌশল নিয়ে পিটার বাটলারের পরিকল্পনা বেশ আক্রমণাত্মক। 

একাদশ নিয়ে চলছে পিটার বাটলারের পরীক্ষা-নিরীক্ষা, ফাইনালে আসতে পারে বেশ কিছু পবিবর্তন। গ্রুপ পর্বে ভারতের কাছে হারলেও, ফাইনালে সেই হারের প্রতিশোধ নিয়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চায় বাংলাদেশ।