শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামছেন মেসি, ফেরার ইঙ্গিত নেইমারের

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে দেখা যাবে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে। বাংলাদেশ সময় আগামীকাল বুধবার সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি। এদিকে, চোট কাটিয়ে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন নেইমারও। বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে দেখা না গেলেও দ্বিতীয় ম্যাচ থেকেই মাঠে দেখা যেতে পারে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে।

বিশ্বকাপ শুরুর আগে তাই বেশ খুশির আমেজ আর্জেন্টিনা-ব্রাজিল দুই শিবিরেই। রাত পোহালেই ইনজুরি কাটিয়ে আলবিসেলেস্তের হয়ে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবেন দলের প্রাণভোমরা লিওনেল মেসি। অন্যদিকে সেলেসাওদের দলেও স্বস্তির খবর। নেইমারও সেরে উঠছেন দ্রুত গতিতে।  

সবশেষ দুটি প্রীতি ম্যাচে মূল একাদশে দেখা যায়নি মেসিকে। তবে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামার কথা এলএমটেনের। পুনর্বাসন পক্রিয়া শেষে নিয়মিত অনুশীলনেও ঘাম ঝরিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। 

১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। শেষ মূহুর্তের পরিকল্পনা সাজাতে ব্যস্ত লিওনেল স্ক্যালোনি।

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে প্রস্তুতি ম্যাচে পায়নি ব্রাজিল। বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষেও হয়তো খেলবেন না। কিন্তু যে গতিতে সেরে উঠলেন নেইমার, তাতে দ্বিতীয় ম্যাচ থেকেই ফুটবলপ্রেমীরা তার ড্রিবল দেখতে পাবেন। 

২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে চোটের পর থেকে দীর্ঘ দিন ধরে মাঠের বাইরে নেইমার। সবকিছু ঠিক থাকলে এবারের বিশ্বকাপ দিয়ে আবারও মাঠে ফেরার অপেক্ষায়। 

একই দিন অনুশীলন করেছে জার্মানিও। দলীয় কম্বিনেশন ঠিক করতে শেষ মূহূর্তের প্রস্তুতিতে জোর নাগেলসম্যানের শিষ্যদের। রক্ষণ সামলে কাউন্টার অ্যাটাকে প্রতিপক্ষকে আটকানোর কৌশলে বেশ মনোযোগী জার্মানি।