সাউথ কোরিয়ার মুখোমুখি হচ্ছে ইউরোপিয়ান চেক রিপাবলিক

ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে শুক্রবার সকালে এশিয়ার পরাশক্তি সাউথ কোরিয়া মুখোমুখি হবে ইউরোপিয়ান চেক রিপাবলিক। মেক্সিকোর এস্তাদিও একরনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮টায়। 

সাউথ কোরিয়া দলের অন্যতম ভরসা তারকা ফরোয়ার্ড সন হিউং মিন। আছেন উলভারহ্যাম্পটনে খেলা হোয়াং হি চ্যান এবং পিএসজি'র লি কাং-ইন। ডিফেন্স নিয়ে আত্মবিশ্বাসী কোচ হং মিউং বো। গোলকিপার কিম সিউং চ্যালেঞ্জ বাড়াবে প্রতিপক্ষের।  

টানা ১১ বৈশ্বিক আসরে খেলছে কোরিয়ানরা। সবশেষ ২০২২ বিশ্বকাপে শেষ ষোলতে খেলেছিল এশিয়ার জায়ান্টরা। তাদের অভিজ্ঞতার কাছে কিছুটা হলেও পিছিয়ে থাকবে চেকরা। এবার নিজেদের ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য ওদের। 

এদিকে ২০০৬ পর ২০২৬ বিশ্বকাপে খেলছে চেক রিপাবলিক। বাছাইয়ে প্লে-অফের চ্যালেঞ্জ পার করে আসা দলটি আত্মবিশ্বাসে ভরপুর। খেলোয়াড়দের ফিজিক্যাল ফিটনেস এবং সেট পিসের দক্ষতা এগিয়ে রাখবে চেক রিপাবলিককে। তারকা স্ট্রাইকার প্যাট্রিক শিক ও টমাস সুচেক ম্যাচ ঘুরিয়ে দেয়া সামর্থ্য রাখেন। বিশ্বকাপে এবারই প্রথম মুখোমুখি হচ্ছে সাউথ কোরিয়া ও চেকিয়া। 

সাউথ কোরিয়ার  অধিনায়ক সন হিউং মিন বলেন, ফুটবলের প্রতি মেক্সিকানদের আবেগ এবং ভালোবাসা আমি অনুভব করতে পারি। আমি কখনো বলিনি যে এটি আমার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। আমি মনে করি আমি কেমন পারফর্ম করছি সেটাই বেশি গুরুত্বপূর্ণ। এটা কারো নিজস্ব অনুমান হতে পারে। 

চেক রিপাবলিকের কোচ মিরোস্লাভ কো-বেক বলেন,  আমরা কোনো চাপ অনুভব করছি না। মাঠের খেলায় আমি কোনো স্নায়ুচাপ বোধ করি না। যদিও প্রতিটি দেশের জাতীয় দলের ওপর এক ধরণের চাপ থাকে। সেটা মোকাবিলা করা যার যার কৌশলের উপর নির্ভর করে। তবে চাপ থাকাটা স্বাভাবিক, সেটা খেলারই অংশ।