বিশ্বকাপে ফ্রান্সের শুরুটা হয়েছে দুর্দান্ত। সেনেগালের বিপক্ষে ৩-১ গোলে জয়ের পর ইরাককে ৩-০ ব্যবধানে হারিয়ে এরই মধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে ফরাসিরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী শুক্রবার রাতে নরওয়ের মুখোমুখি হবে ফ্রান্স। তবে ওই ম্যাচে ফ্রান্সের ডাগআউটে থাকা হবে না দলটির কোচ দিদিয়ের দেশঁর। মায়ের শেষকৃত্যে অংশ নিতে ফ্রান্সে ফিরে যাচ্ছেন তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)।
বিবৃতিতে এফএফএফ জানায়, গতকাল মঙ্গলবার সকালে মায়ের মৃত্যুর সংবাদ পান দেশঁ। সে জন্য নরওয়ের বিপক্ষে ম্যাচে থাকবেন না তিনি।
দেশঁর কঠিন সময়ে তাঁর পাশে থাকার কথা জানিয়ে এফএফএফের বিবৃতিতে বলা হয়েছে, ‘অত্যন্ত বেদনাদায়ক এই সময়ে আমরা কোচকে গভীর সমবেদনা জানাচ্ছি। তিনি যেন শক্ত থাকতে পারেন, এবং তাঁর প্রতি আমাদের পূর্ণ সমর্থন রইলো।’
মায়ের মৃত্যুর পরবর্তী প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সহকারী কোচ গি স্তেফাঁ সাময়িকভাবে দলের ডাগআউট সামলাবেন। তবে দেশঁ ঠিক কবে যুক্তরাষ্ট্রে ফেরত যাবেন, সে বিষয়ে কিছু জানায়নি এফএফএফ।
উল্লেখ্য, এর আগে দেশঁ ঘোষণা দিয়েছেন, চলতি বিশ্বকাপ শেষেই ফ্রান্সের দায়িত্ব ছেড়ে দেবেন তিনি। এর আগে দেশেঁর অধীনে ২০১৮ বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স। এছাড়া সর্বশেষ ২০২২ বিশ্বকাপে রানার্সআপ হয়েছিল ফরাসিরা।