বিশ্বকাপের রাউন্ড অব থার্টি টুর বেলজিয়াম-সেনেগাল ম্যাচ নিয়ে সমালোচনা থামছেই না। শেষ মুহূর্তের একটি বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্তে ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সেনেগাল। ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ দিকে ভিএআর পর্যালোচনার পর বেলজিয়ামকে পেনাল্টি দিলে শুরু হয় তীব্র বিতর্ক।
সেই সময় জনপ্রিয় কনটেন্ট নির্মাতা স্নিকো ম্যাচটি "পূর্বনির্ধারিত" বলে অভিযোগ করেন। শুধু সেনেকোই নয়, এই ম্যাচের পেনাল্টি নিয়ে ক্ষোভে ফুঁসেছে ফুটবলপ্রেমিরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই অভিযোগ করেছেন সেনেগালকে ডাকাতি করে হারানো হয়েছে। আল জাজিরা তাদের এক প্রতিবেদনে রেফারিং সিদ্ধান্ত বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম আরচিবো ভিএআরের বরাত দিয়ে জানিয়েছে, এই ঘটনায় ভিএআরের হস্তক্ষেপের প্রয়োজন ছিল না। তাদের মতে, বেলজিয়াম ফরোয়ার্ড টিলেমান্স নিজেই সেনেগালের খেলোয়াড়কে ট্যাকেল করার চেষ্টা করেছিলেন, সেনেগালের ফুটবলার বল সরাতে চেয়েছেন এবং এটি এমন কোনো ‘স্পষ্ট ও সুস্পষ্ট ভুল’ ছিল না, যা রেফারির সিদ্ধান্ত পরিবর্তনের যৌক্তিকতা তৈরি করে।
ট্রাইবেকারে খেলা গড়ানোর আগ মুহুর্তে এই ঘটনাটি ঘটে। সেনেগালের লামিন কামারা ও বেলজিয়ামের অধিনায়ক ইউরি টিলেমান্সের মধ্যে সংঘর্ষের পর হন্ডুরাসের রেফারি সাঈদ মার্টিনেজ ভিএআরের সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন। টিলেমান্স সেই স্পটকিক থেকে গোল করে বেলজিয়ামের অবিশ্বাস্য প্রত্যাবর্তন এনে দিয়ে ৩-২ ব্যবধানের জয়ে শেষ ষোলোর জায়গা নিশ্চিত করেন।
এমন কাণ্ডের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একজন সমর্থক লেখেন,‘এটা শতভাগ ডাকাতি। সেনেগাল থেকে ম্যাচ ছিনিয়ে নেওয়া হয়েছে। এটা কীভাবে পেনাল্টি হতে পারে? দুর্নীতির মাধ্যমে বেলজিয়ামের পরের রাউন্ডে যাওয়ার কোনো অধিকার নেই।’
ক্রীড়া বিষয়ক কনটেন্ট নির্মাতা স্নিকো ম্যাচটি ‘পূর্বনির্ধারিত’ অভিযোগ করে সেই সময় তাঁর সরাসরি সম্প্রচারে বলেন, ‘ফিক্সড(পূর্বনির্ধারিত)! সেনেগালের এখনই মাঠ ছেড়ে চলে যাওয়া উচিত। খেলা বন্ধ করে দেশে ফিরে যাক। এটা সাজানো ম্যাচ!"
স্প্যানিশ ক্রীড়া সাংবাদিক মানোলো লামা বলেন, ‘আফ্রিকা কাপ অব নেশনসে তাদের কাছ থেকে শিরোপা কেড়ে নেওয়া হয়েছিল, আর এখন বিশ্বকাপেও সেনেগালের কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়া হচ্ছে।’
মিশরীয় সাংবাদিক মোহাম্মদ সাঈদ ঘটনাটিকে ২০২৫ সালের আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে মরক্কোর বিপক্ষে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে তুলনা করেন। তিনি লেখেন, ‘শেষ মুহূর্তে সেনেগালের বিপক্ষে দেওয়া এই পেনাল্টি ছিল অত্যন্ত কঠিন শিক্ষা এবং বড় পরীক্ষা। আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালের ঘটনাগুলো মনে করলে মনে হয়, যদি দল প্রত্যাহার সংক্রান্ত নিয়ম পরিবর্তন না হতো, তাহলে হয়তো একই দৃশ্য আবারও দেখা যেত।’
সেনেগালের বিদায়ে বেলজিয়ামের শেষ ষোলোতে প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।