ঘরের মাঠে ২০১৪ বিশ্বকাপে সেই যে সেমিফাইনাল খেলল ব্রাজিল, পরের দুই বিশ্বকাপে সেলেসাওদের বিদায় ঘটেছে কোয়ার্টার ফাইনাল থেকে। চলতি বিশ্বকাপে আজ রোববার দিবাগত রাতে শেষ আটে ওঠার লড়াইয়ে নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। চোট ও কার্ড শঙ্কায় এ ম্যাচের একাদশ নিয়ে কিছুটা চিন্তার ভাঁজ পড়েছে কার্লো আনচেলত্তির কপালে।
এর আগে রাউন্ড অব থার্টি টু-র ম্যাচে জাপানের বিপক্ষে কোনোমতে জিতলেও সেই ম্যাচে চোট পেয়েছেন লুকাস পাকেতা। সাম্প্রতিক সময়ে এমনিতেই ব্রাজিল মিডফিল্ডে কিছুটা ভুগছে। এমন পরিস্থিতিতে পাকেতার ছিটকে যাওয়া আনচেলত্তির জন্য বড় ধাক্কা।
পাকেতার পরিবর্তে মিডফিল্ডে কে খেলবেন, সেটা নিয়ে আনচেলত্তি সরাসরি কিছু না জানালেও ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো ইস্পোর্তে জানাচ্ছে, গাব্রিয়েল মার্তিনেল্লিকে শুরুর একাদশে খেলাবেন ব্রাজিল কোচ। অনুশীলনেও সর্বশেষ দুদিন মূল একাদশে থেকে প্রস্তুতি সম্পন্ন করেছেন মার্তিনেল্লি।
কিছুটা গুঞ্জন ছড়িয়েছিল, পাকেতার জায়গায় দেখা যেতে পারে দানিলো সান্তোসকে। তবে গ্লোবো জানাচ্ছেন, দানিলো সান্তোস নয়, আনচেলত্তির গুডবুকে উঠছে মার্তিনেল্লির নামই।
জাপানের বিপক্ষে সর্বশেষ ম্যাচে নেইমারকে খেলাননি আনচেলত্তি। এতে অনেকের মনে প্রশ্ন জাগে, আবার কি কোনো নতুন চোটে পড়লেন নেইমার? ব্রাজিল কোচ জানিয়েছেন, নেইমার পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত। তবে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে ঠিক কতক্ষণ খেলাবেন, সে বিষয়ে কিছু স্পষ্ট করেননি আনচেলত্তি।
ব্রাজিলের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, নরওয়ের বিপক্ষে শুরুর একাদশে নেইমারের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তবে দ্বিতীয়ার্ধে কিংবা ম্যাচের শেষের দিকে নেইমারকে বদলি হিসেবে নামাতে পারেন আনচেলত্তি।
নরওয়ের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
আলিসন; দানিলো, মার্কিনিওস, গাব্রিয়েল মাগালহায়েস, দগলাস সান্তোস; কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, গাব্রিয়েল মার্তিনেল্লি; রায়ান, কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।