ফুটবল বিশ্বকাপে রাতে বড় ম্যাচ। শেষ ষোলোতে মুখোমুখি হবে পর্তুগাল ও স্পেন। ইউরোপের এ দুই দলই আসরের অন্যতম ফেভারিট। শক্তিতে সমানে সমান। রোমাঞ্চকর এ লড়াই শুরু হবে রাত ১টায়।
২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে পর্তুগাল-স্পেনের ৩-৩ গোলের ড্র ম্যাচটি এখনো ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ হিসেবে স্মরণীয়। গত বছর নেশনস লিগের ফাইনালে স্পেনকে হারিয়েই পর্তুগাল শিরোপা জিতেছিল। এবার টেক্সাসের নকআউট ম্যাচে তারা আবার মুখোমুখি হচ্ছে, যেখানে ভুল শুধরে নেওয়ার কোনো সুযোগ নেই, হারলেই বিদায়।
টুর্নামেন্টে স্পেন বেশ ফুরফুরে মেজাজে। অস্ট্রিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে আসা স্প্যানিশরা টানা চার ম্যাচে কোনো গোল হজম করেনি। রদ্রি, ওলমো ও পেদ্রির নিয়ন্ত্রণে মাঝমাঠ দারুণ সচল। উইঙে ইয়ামাল ও বায়েন আস্থার প্রতিদান দিচ্ছেন।
তবে পর্তুগালের মাঝমাঠের গভীরতা স্পেনের জন্য কঠিন পরীক্ষা হবে। জোয়াও নেভেস এবং ভিতিনহার মতো তরুণদের পাশাপাশি ব্রুনো ফার্নান্দেসের আক্রমণাত্মক পাসিং স্পেনের রক্ষণ ভাঙতে পারে।
ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে জিততে পর্তুগালকে বেশ বেগ পেতে হয়েছে। ক্রিশ্চিয়ানো রোনালদো নকআউট পর্বে তার প্রথম গোল পেলেও ম্যাচের ৮১ মিনিটে তাকে তুলে নেওয়া হয়। রোনালদোর বদলি হিসেবে নেমে জয়সূচক গোল করেন গনসালো রামোস। রামোস এবং রাফায়েল লেয়াও স্পেনের বিপক্ষেও বড় ভূমিকা রাখতে পারেন।