ওদের মেসি থাকলে আমাদের সালাহ আছে: মিশরের হেড কোচ

প্রথমবার নকআউটের টিকিট কেটে ইতিহাস গড়েছে মিশর। আর্জেন্টিনাকে হারিয়ে স্বপ্নযাত্রা চালিয়ে যেতে চায় আফ্রিকান দলটি। আটালান্টা স্টেডিয়ামে আজ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দল দুটি।

আর্জেন্টিনার বিপক্ষে প্রতিপক্ষ মিশর ইতিহাস গড়তে যেন মুখিয়ে আছে। কেপ ভার্দের বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর এবার ডিফেন্স নিয়ে চিন্তায় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাদের ভরসা মেসির উড়ন্ত ফর্ম।

গ্রুপপর্বে আর্জেন্টিনার ডিফেন্স তেমন চ্যালেঞ্জের মুখে পড়েনি। কিন্তু দ্বিতীয় রাউন্ডে কেপ ভার্দের বিপক্ষে জিতলেও বিশ্ব চ্যাম্পিয়নদের ঘাটতি দেখা গেছে। ডিফেন্সে শতভাগ মনোযোগ ধরে রাখা জরুরি। মিডফিল্ডাররাও সেরা ছন্দে নেই। আক্রমণে ঘুরে ফিরে ভরসা, ওই এক মেসি।

মিশরের হেড কোচ হোসাম হাসান বলেন, ফুটবলে অসম্ভব বলে কিছু নেই। হ্যাঁ আর্জেন্টিনাকে অবশ্যই সম্মান করি, কিন্তু ওদের ভয় পাই না। ওদের মেসি থাকলে, আমাদের সালাহ আছে। আর্জেন্টিনাকে হারাতে ছেলেরা নিজের সেরাটা দিতে প্রস্তুত।

এদিকে আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি বলেছেন, দিন দিন আরও কঠিন হচ্ছে বিশ্বকাপ। কোনো দলকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এবারের আসরে সেভাবে কোনো দলকে ফেভারিটও বলা যাচ্ছে না। গত ম্যাচের ভুল শুধরে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।