অবসরের পর নেইমারের ইউটার্ন, ইঙ্গিত দিলেন ২০৩০ বিশ্বকাপ খেলার!

২০২৬ বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। সেই অনিশ্চয়তা আর শঙ্কা কাটিয়ে ঠিকই বিশ্বকাপ খেলেছেন ব্রাজিলিয়ান তারকা। কিন্তু তেমন কিছু করতে পারেননি নেইমার। ব্রাজিলও বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে টুর্নামেন্টের শেষ ষোলো থেকে। নরওয়ের বিপক্ষে বিদায়ের পর নেইমার অবশ্য জানিয়ে দিয়েছেন, জাতীয় দলের হয়ে তাঁর যাত্রা এখানেই শেষ।

মাত্র ৩৪ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেওয়া অনেক ব্রাজিল সমর্থকই মানতে পারছেন না। তবে সেলেসাও সমর্থকদের কেউ কেউ বিশ্বাস করেন, নেইমার হয়তো অবসর ভেঙে আবারও জাতীয় দলে ফিরবেন। এবার সেই ইঙ্গিত দিয়েছেন নেইমার নিজেই। সেই ইঙ্গিত বাস্তবে রূপ নিলে, ২০৩০ বিশ্বকাপে ব্রাজিলের জাতীয় দলে ফের দেখা যেতে পারে নেইমারকে।

সেই ইঙ্গিতটা কোথায় দিলেন নেইমার? নার্দসৌল নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের এক ভাইরাল ভিডিও থেকে এই গুঞ্জনের সূত্রপাত। সম্প্রতি এআই নির্মিত একটি ভিডিও প্রকাশ করেছে ওই অ্যাকাউন্টটি। সেই ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, ‘এখনো কি সময় আছে? নেইমারের কি আরেকটা বিশ্বকাপ খেলার সুযোগ আছে?’

এআই নির্মিত ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, “২০২৬ বিশ্বকাপ খেলা নেইমার” এক তরুণ নেইমারের সঙ্গে কথা বলছেন। সেখানে ২০২৬ বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপ তুলে ধরা হয়। পরে ভিডিওতে দেখা যায় ‘ভবিষ্যতের নেইমার’ ২০৩০ লেখা বিশ্বকাপ ট্রফি হাতে দাঁড়িয়ে আছেন।

ভিডিওতে ‘২০২৬ বিশ্বকাপের নেইমার’ তরুণ নেইমারকে জিজ্ঞেস করেন, ব্রাজিলের হয়ে আরেকবার বিশ্বকাপ জয়ের চেষ্টা করা উচিত কি না। উত্তরে তরুণ নেইমার বলেন, ‘হ্যাঁ, আরেকটাবারের জন্য...।’

এই ভিডিওটি ভাইরাল হতে সময় লাগেনি। এটি পৌঁছে যায় নেইমারের সামনেও। সেখানে মন্তব্যের ঘরে আবেগঘন তিনটি ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান নেইমার। নেইমারের সেই প্রতিক্রিয়া থেকেই সমর্থকদের মনে নতুন আশা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, ব্রাজিল তারকা হয়ত মন বদলানোর মতো সিদ্ধান্ত নিতে পারেন।