আর্জেন্টিনা-সৌদি ম্যাচের রেফারি থাকছেন এবারের বিশ্বকাপ ফাইনালে

আর্জেন্টিনার ‘ব্যাক টু ব্যাক’, নাকি স্পেনের ১৬ বছরের অপেক্ষার অবসান? নিউ ইয়র্কের নিউজার্সিতে বাংলাদেশ সময় আগামী রোববার রাতের ফাইনালে নিশ্চিত হবে সেটি। এবারের ফাইনালটি আবারও ইউরোপ বনাম লাতিন ফুটবলের লড়াই। মহাগুরুত্বপূর্ণ সেই লড়াই পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ। এক বিবৃতিতে ফিফা বিষয়টি নিশ্চিত করেছে। 

ফাইনালে ভিনচিচের সহকারী হিসেবে থাকবেন তাঁরই স্বদেশি তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন জর্ডানের আধহাম মাখাদমেহ, আর রিজার্ভ সহকারী রেফারি থাকবেন কাতারের মোহাম্মদ আলকালাফ।

ভিনচিচের নামটা অবশ্য অনেকের কাছে চেনা চেনা লাগতে পারে। কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে অঘটনের শিকার হয়েছিল আর্জেন্টিনা। ওই ম্যাচের রেফারি হিসেবে দায়িত্বে ছিলেন ভিনচিচ। এর বাইরে আর্জেন্টিনার আর কোনো ম্যাচে দেখা যায়নি স্লোভেনিয়ার এই রেফারিকে। 

আর চলতি বিশ্বকাপে এর আগে তিনটি ম্যাচ পরিচালনা করেছেন ভিনচিচ। গ্রুপ পর্বে ব্রাজিল-মরক্কো ও জর্ডান–আলজেরিয়া এবং শেষ বত্রিশে মেক্সিকো-ইকুয়েডরের ম্যাচ ছিল তাঁর দায়িত্বে।