আর এক ম্যাচ খেলেই পর্তুগালের জার্সিকে বিদায় বলছেন রোনালদো!

সর্বশেষ বিশ্বকাপটা খুব বেশি ভালো কাটেনি ক্রিস্টিয়ানো রোনালদোর। পুরো টুর্নামেন্টে ৫ ম্যাচ খেলে মোটে ৩ গোল করেছেন। এর মধ্যে গ্রুপপর্বে উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোলের পর শেষ ৩২-এর ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে অন্য গোলটি করেন রোনালদো।

৪১ বছর বয়সী মহাতারকার মলিন পারফরম্যান্স নিয়ে সমালোচনা কম হয়নি। পর্তুগালও বিদায় নিয়েছে বিশ্বকাপের শেষ ষোলো থেকে। অনেকেই সমালোচনা করতে থাকেন, বিশ্বকাপে না খেললেই ভালো করতেন রোনালদো!

এদিকে বিশ্বকাপ শেষ হলেও নিজের অবসর নিয়ে কিছু জানাননি রোনালদো। এর মধ্যে নতুন তথ্য দিয়েছেন পর্তুগিজ এজেন্ট মোয়াতাজ এলগামাল। তিনি দাবি করেছেন, আর এক ম্যাচ খেলেই পর্তুগালের জার্সিকে বিদায় বলবেন রোনালদো।

এলগামালের বরাতে ফুটবল বিষয়ক সংবাদমাধ্যম গোল জানিয়েছে, জাতীয় দলের জার্সিতে রোনালদোকে আর একবার মাঠে দেখা যাবে। সেই ম্যাচটি হবে আগামী ২৪ সেপ্টেম্বর। নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে ম্যাচে জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো খেলতে নামবেন তিনি। ওই ম্যাচটি হবে স্পোর্তিং লিসবনের স্টেডিয়ামে এস্তাদিও জোসে আলভালাদেতে।

তবে এলগামাল এটাও দাবি করেছেন, জাতীয় দলের হয়ে শেষ টানলেও এখনই পেশাদার ফুটবলকে বিদায় জানানোর কোনো ইচ্ছে নেই রোনালদোর। বর্তমান ক্লাব আল নাসরের সঙ্গে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত চুক্তি আছে তাঁর।

এছাড়া রোনালদো অনেকবারই জানিয়েছেন, ক্লাব ও দেশের জার্সি মিলিয়ে ১ হাজার গোলের মাইলফলক নিয়ে ছুটছেন তিনি। ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৩২৪ ম্যাচে ৯৭০ গোল করেছেন রোনালদো। হয়তো সেই লক্ষ্য পূরণের পর ক্লাব ক্যারিয়ারও থামিয়ে দেওয়ার কথা ভাববেন তিনি!