বার্সেলোনার বিখ্যাত কাম্প নেউকে নতুন রূপে সাজাতে ২০২৩ সাল থেকে সংস্কারকাজ চলমান আছে। এ কাজ চলাকালেই গত বছরের নভেম্বরে সীমিতসংখ্যক দর্শক নিয়ে স্টেডিয়ামে খেলা চালু হয়েছিল। এর মধ্যে আবার সংস্কারকাজও চলছিল সমানতালে। সেই সংস্কার কাজের সময় এক নির্মাণশ্রমিক মারা গেছেন। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বার্সেলোনা।
গতকাল শনিবার দেওয়া ওই বিবৃতিতে বার্সা উল্লেখ করেছে, ‘গতকাল (শুক্রবার) কর্মক্ষেত্রে ঘটে যাওয়া দুর্ঘটনায় যে শ্রমিক প্রাণ হারিয়েছেন, তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’ নিহত ওই শ্রমিকের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছে কাতালান ক্লাবটি।
কাতালান পুলিশ জানিয়েছে, ৫৪ বছর বয়সী ওই শ্রমিক মাথায় আঘাত পাওয়ার কারণে মারা গেছেন। তবে দুর্ঘটনার বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে আর কোনো তথ্য দেয়নি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
বার্সার পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত নির্মাণ শ্রমিকের পাশে থাকবে ক্লাব। ক্লাবের বিবৃতির শেষভাগে উল্লেখ করা হয়েছে, ‘বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা ব্যক্তিগতভাবে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পুরো ক্লাবের পক্ষ থেকে তিনি জানিয়েছেন, এই কঠিন সময়ে তিনি ও ক্লাবের সবাই তাদের পাশে আছেন এবং যেকোনো প্রয়োজনে সহায়তার জন্য প্রস্তুত।’