বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ছিনতাইয়ের শিকার হয়েছেন ঘানার স্ট্রাইকার মোহাম্মদ ফুসেইনি। ব্রাসেলসে পার্ক করা পড়িতে বসে থাকার সময় পাঁচজন মুখোশধারী ব্যক্তি ফুসেইনির ওপর আক্রমণ চালান। তারা ফুসেইনিকে টেনে গাড়ি থেকে বের করে তাঁর মোবাইল ফোন ও ঘড়ি নিয়ে যায়।
বেলজিয়ামের সংবাদমাধ্যম ‘হেট লাতসতে নিয়ুস’ এ ছিনতাইয়ের ভিডিও প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ছিনতাইয়ের শিকার হওয়ার পর ঘানার এ স্ট্রাইকারকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে চোট গুরুতর না হওয়ায় পরে হাসপাতাল থেকে ছাড়পত্র পান তিনি।
এদিকে ফুসেইনির ছিনতাইয়ের শিকার হওয়ার ভাইরাল ভিডিওতে দেখা গেছে, মাস্ক পরিহিত পাঁচজন ব্যক্তি একটি পার্ক করা গাড়িকে ঘিরে রেখেছে। তাদের মধ্যে তিনজন ফুসেইনিকে চালকের আসন থেকে টেনে বের করেন। একজন হামলাকারী ফুসেইনির গলা চেপে ধরে রাখেন, আর অন্যরা তাঁর হাত থেকে ঘড়ি খুলে নেন। এরপর ধস্তাধস্তি করে ফুসেইনিকে মাটিতে ফেলে দেওয়া হয়। একপর্যায়ে ফুসেইনি আর প্রতিরোধ করেননি। পরে ওই দলটি ফুসেইনির গাড়ি তল্লাশি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। সেই অভিযুক্তের বাড়ি থেকে চুরি যাওয়া বেশ কয়েকটি জিনিস উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওই ব্যক্তির বিরুদ্ধে দলবদ্ধভাবে সহিংসতা ব্যবহার করে ডাকাতির অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে বেলজিয়ামের ক্লাস ইউনিয়স সাঁ জিলোয়ার হয়ে খেলছেন ফুসেইনি। এই ক্লাবের হয়ে তিনি ২০২৫ সালে বেলজিয়ান লিগ এবং ২০২৬ সালে বেলজিয়ান কাপ জয়ের স্বাদ পান।