শেষ হলো অনিশ্চয়তা, ২০৩২ সাল পর্যন্ত রেয়াল মাদ্রিদেই থাকছেন ভিনিসিয়ুস

ভিনিসিয়ুস রেয়াল মাদ্রিদে থাকবেন, নাকি ইংলিশ ক্লাব আর্সেনালে যোগ দেবেন- এ নিয়ে কয়েকদিন ধরেই জোর আলোচনা চলছিল। যদিও স্প্যানিশ ক্লাবটির সঙ্গে ব্রাজিলিয়ান উইঙ্গারের চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সালের জুন পর্যন্ত, কিন্তু চুক্তি নবায়ন আটকে ছিল বলে তৈরি হয় অনিশ্চয়তা।

অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে রেয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তিতে রাজি হয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। নতুন চুক্তি অনুসারে, ২০৩২ সালের জুন পর্যন্ত স্প্যানিশ ক্লাবটিতেই থাকবেন ভিনি। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রেয়াল মাদ্রিদ।

এর একদিন আগে ভিনিসিয়ুসের প্রতিনিধিরা ক্লাব কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেই আলোচনার পরই চুক্তি সম্পন্ন হওয়ার পথ অনেকটা এগিয়ে যায়। ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, রেয়াল মাদ্রিদ আগের চেয়ে ভালো প্রস্তাব দিয়েছিল বলেই রাজি হয়েছেন ভিনিসিয়ুস।

এক বিবৃতিতে রেয়াল মাদ্রিদ জানিয়েছে, ‘রিয়াল মাদ্রিদ ও ভিনিসিয়ুস জুনিয়র চুক্তি বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী, তিনি ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবে থাকবেন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘২০১৮ সালের জুলাইয়ে মাত্র ১৮ বছর বয়সে রেয়াল মাদ্রিদে যোগ দেন ভিনিসিয়ুস। ক্লাবের হয়ে আট মৌসুমে ৩৭৫ ম্যাচে ১২৮ গোল করেছেন এবং ১৪টি শিরোপা জিতেছেন। এর মধ্যে আছে দুটি চ্যাম্পিয়নস লিগ, তিনটি ক্লাব বিশ্বকাপ, দুটি উয়েফা সুপার কাপ, তিনটি লা লিগা, একটি কোপা দেল রে এবং তিনটি স্প্যানিশ সুপার কাপ।’

মাদ্রিদ আরও জানায়, দলের এসব সাফল্যে ভিনিসিয়ুসের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর পারফরম্যান্স, অ্যাসিস্ট ও গোলের মাধ্যমে তিনি ক্লাবের ইতিহাসের অন্যতম সফল সময়ের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছেন বলে উল্লেখ করেছে ক্লাবটি।

সূত্রের বরাতে ইএসপিএন জানিয়েছে, আগের চুক্তির অনুসারে রেয়াল মাদ্রিদে বছরে ১ কোটি ৭৫ লাখ ইউরো আয় করেছিলেন ভিনিসিয়ুস। বাংলাদেশি অর্থমূল্যে যা প্রায় ২৫০ কোটি টাকা। নতুন চুক্তিতে ভিনিসিয়ুস প্রায় ৩ কোটি ইউরো (৪২৮ কোটি টাকা) দাবি করলেও রেয়াল মাদ্রিদের প্রস্তাবে ২ কোটি ২০ লাখ ইউরো (৩১৪ কোটি টাকা) পারিশ্রমিক উল্লেখ ছিল।