রোনালদো-জর্জিনার বিয়ে ভেবে ভিড়, গির্জায় দেখা গেল অন্য দম্পতিকে

শনিবার পর্তুগালের মাদেইরা দ্বীপের ফুনচালে বিয়ে করতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও তাঁর দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ— এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল কয়েকদিন আগে। সেই গুঞ্জনের ভিত্তিতে গত শনিবার ফুনচালের ঐতিহাসিক ক্যাথেড্রালে ভিড় করতে থাকেন শত শত ভক্ত ও শুভাকাঙ্ক্ষী। তাঁদের লক্ষ্য ছিল একটাই, নিজের চোখে রোনালদোর বিশেষ মুহূর্ত এক নজর দেখা!

গুঞ্জন প্রকট আকার ধারণ করলে রোনালদোর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, এখনই বিয়ের পরিকল্পনা নেই পর্তুগিজ মহাতারকার। কিন্তু এরপরও নিজেদের প্রিয় তারকার বিয়ে দেখার আশায় ফুনচালের কেন্দ্রস্থলে জড়ো হন অসংখ্য মানুষ।

কিন্তু শেষ পর্যন্ত ভক্তদের হতাশ হতে হয়েছে। তাঁরা বিয়ের সাক্ষী হয়েছেন ঠিকই, তবে সেই বিয়ে রোনালদো ও জর্জিনার ছিল না। ফুনচালের ওই ক্যাথেড্রালে শনিবার অন্য এক দম্পতির বিয়ের অনুষ্ঠান হয়েছে। বিষয়টিতে মজা পেয়েছেন রোনালদো নিজেও!

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, গির্জার বাইরে রাস্তায় দাঁড়িয়ে শত শত মানুষ মোবাইল ও ক্যামেরা নিয়ে অপেক্ষা করছিলেন। কিন্তু গির্জার সামনে কনের গাড়ি এসে পৌঁছালে তারা বুঝতে পারেন, এটি রোনালদো-জর্জিনার বিয়ে নয়! এটি ছিল নিকোল ও ফাবিওর বিয়ে। কনে নিকোল যখন গাড়ি থেকে নামছিলেন, বর ফাবিও তখন গির্জার ভেতরে বেদির কাছে অপেক্ষা করছিলেন।

পরে ক্যাথেড্রাল কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করে। পোস্টে উল্লেখ করা হয়েছে, ‘নিকোল ও ফাবিওকে অভিনন্দন। রাস্তায় এত সাংবাদিক ও পর্যটকের ভিড়ে অনেক বিভ্রান্তি তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত আমরা গির্জা বন্ধ করে অনুষ্ঠান সম্পন্ন করতে পেরেছি।’

নিকোল যখন গির্জায় প্রবেশ করছিলেন, তখন বাইরে জড়ো হওয়া উৎসুক জনতার ছবি দিয়ে আরেকটি পোস্টে লেখা হয়, ‘ক্যাথেড্রালে এমন দৃশ্য আমরা আগে কখনো দেখিনি। কনে তো গির্জায় ঢুকতেই পারছিলেন না।’

পোস্টে কোথাও রোনালদোর নাম না থাকলেও পর্তুগিজ কিংবদন্তির বিয়ের গুঞ্জন নিয়েই যে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেটা বোধহয় না বললেও চলে। তবে এমন পরিস্থিতিকে বেশ আনন্দই পেয়েছেন নতুন ওই দম্পতি। বিয়ের একজন অতিথি মজা করে স্থানীয় সংবাদমাধ্যমে দিয়ারো দে নোতিসিয়াস দা মাদেইরাকে বলেছেন, ‘নিজেদের সেলিব্রিটির মতো মনে হচ্ছে। রোনালদোর মতো একজন নিরাপত্তা ছাড়া আজকে বিয়ে করবেন— মানুষ এটা কীভাবে ভাবল, সেটাই বরং অবাক করার মতো।’

ভক্তদের ভিড় দেখে মজা পেয়েছেন রোনালদো নিজেও। ছবি: সংগৃহীত

রোনালদো নিজেও বিষয়টি নিয়ে মজা করেছেন। জরনাল দা মাদেইরা নামের একটি ইনস্টাগ্রাম পোস্টে হাসির ইমোজি দিয়ে মন্তব্য করেন আল নাসর তারকা। তবে রোনালদো এখনো জানাননি, তিনি ও জর্জিনা কবে বিয়ের পরিকল্পনা করছেন।