পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো তাঁর বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের সায়াহ্নে আছেন। তবে শেষের সময়টা এত দ্রুত তিনি জানিয়ে দিবেন তা হয়তো কেউই ভাবেননি। পর্তুগাল ও আল-নাসরের এই মহাতারকা ইঙ্গিত দিয়েছেন, ২০২৬ সালই হতে পারে তাঁর পেশাদার ফুটবল ক্যারিয়ারের শেষ বছর।
৪১ বছর বয়সী রোনালদো জানিয়েছেন, আর খুব বেশি দিন মাঠে থাকার পরিকল্পনা নেই তাঁর। জীবনধারাবিষয়ক ম্যাগাজিন ভোগ-কে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো তাঁর অবসরের সময়সীমা স্পষ্ট করেছেন।
নিজের ক্যারিয়ারের সমাপ্তি নিয়ে রোনালদোর স্পষ্ট বার্তা, ‘সম্ভবত এটাই আমার ফুটবলের শেষ বছর।’
রোববার প্রকাশিত লাইফস্টাইল ম্যাগাজিন ভোগকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘সম্ভবত এটাই আমার ফুটবলের শেষ বছর। আমি এমন একটি অনন্য অসাধারণ ছাপ রেখে যেতে চাই, যা মানুষ মনে রাখবে।’
দুই দশকেরও বেশি সময় ধরে চলা ক্যারিয়ারে ক্লাব ও দেশের হয়ে রোনালদো এখন পর্যন্ত ৯৭৬টি গোল করেছেন।
ফুটবল ছাড়ার পর রোনালদো কী করতে চান তা নিয়েও মন্তব্য করেছেন, ‘আমার নিজেকে ব্যস্ত রাখার মতো অনেক কিছুই আছে, তাই শুধু নির্দিষ্ট করে একটির কথা বলা কঠিন। কারণ ফুটবল ছেড়ে দিলে জীবনে একটা বড় শূন্যতা তৈরি হতে পারে। তাই সময়টা বিভিন্নকাজে লাগাতে চাই, শুধু একটি কাজে নয়।’
২০০২ সালে স্পোর্টিংয়ের হয়ে অভিষেকের পর তিনি ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং বর্তমান ক্লাব আল-নাসরের হয়ে বড় বড় শিরোপা জিতেছেন।
অবসরের পর রোনালদো অনেক বেশি ভ্রমণ করতে চান জানিয়ে বলেন, ‘আরও আনন্দ করতে চাই, বেশি ভ্রমণ করতে চাই, প্যাডেল দেখতে ও খেলতে চাই—যেটা আমি সত্যিই পছন্দ করি। পাশাপাশি আমি যা অর্জন করেছি, যা আমরা অর্জন করেছি, সেগুলো উপভোগ করে যেতে চাই। কারণ শেষ পর্যন্ত এই ২৫ বছর ছিল অনেক ত্যাগ-তিতিক্ষায় ভরা।’
৪১ বছর বয়সী পর্তুগাল অধিনায়ক সর্বকালের অন্যতম সফল ফুটবলার। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদোর একটি আক্ষেপ থেকেই যাচ্ছে। নিজের নামের পাশে বিশ্বকাপ শিরোপা না থাকা।
তবে আর মাত্র ২৪ গোল করতে পারলেই ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে এক হাজার গোলের ক্লাবে নাম উঠবে রোনালদোর।