শিরোপা জিতে মৌসুম শুরুর প্রস্তুতি সারল বার্সেলোনা

নতুন মৌসুমে আগামী রোববার রাতে লা লিগায় প্রথম ম্যাচ খেলবে বার্সেলোনা। তার আগে প্রস্তুতিটা ভালোই হয়েছে হান্সি ফ্লিকের দলের। প্রাক-মৌসুমে নিজেদের শেষ প্রীতি ম্যাচে মিসরের ক্লাব আল আহলিকে ২-১ গোলে হারিয়ে হুয়ান গাম্পার ট্রফি জিতেছে কাতালান ক্লাবটি।

হুয়ান গাম্পার ট্রফি মূলত বার্সা আয়োজিত প্রাক মৌসুম প্রীতি ম্যাচ। ক্লাবটির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি গাম্পারের স্মরণে ১৯৬৬ সাল থেকে এই টুর্নামেন্টের আয়োজন করে আসছে বার্সা। এবারের এক ম্যাচের শিরোপা নির্ধারণীতে বার্সার প্রতিপক্ষ ছিল মিসরের ক্লাব আল আহলি।

ঘরের মাঠ কাম্প নেউয়ের এ ম্যাচে ৩০ মিনিটে আবদেলকারিম ও ৪৫ মিনিটে রাফিনিয়ার পেনাল্টি গোলে ২-০ ব্যবধানে এগিয়ে প্রথমার্ধ শেষ করে বার্সা। তবে বিরতির পর ব্যবধান কমায় (২-১) আল আহলি। শেষ দিকে অবশ্য ব্যবধান আবারও বাড়ানোর সহজ সুযোগ পেয়েছিল বার্সা। কিন্তু কাম্প নেউয়ে অভিষেক ম্যাচে পেনাল্টি মিস করে বসেন বার্সার নতুন সাইনিং অ্যান্থনি গর্ডন।

প্রীতি এ ম্যাচ শুরুর আগে বার্সার নতুন খেলোয়াড়দের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। স্বাভাবিকভাবে রদ্রির পরিচয়ের সময় গ্যালারিতে বাড়তি উচ্ছ্বাস দেখা যায়।

তবে এই পরিচয় পর্বে হতাশ হতে হয়েছে জোয়াও কানসেলোকে। আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে বার্সায় নাম লিখিয়েছেন কানসেলো। গতকাল স্টেডিয়ামে হাজির হয়ে নতুন জার্সি গায়ে টানেলে দীর্ঘ সময় অপেক্ষা করলেও শেষ পর্যন্ত তাঁকে পরিচয় করানো হয়নি। পরে জানা গেছে, কানসেলোর চুক্তির আনুষ্ঠানিকতা এখনো শেষ হয়নি।

কানসেলোর হতাশা থাকলেও গ্যালারিতে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন হান্সি ফ্লিক ও রাফিনিয়া। তারা প্রতিশ্রুতি দিয়েছেন, চ্যাম্পিয়নস লিগসহ মৌসুমের সব শিরোপা জয়ের চেষ্টা চালাবেন তারা।