মাঠের লড়াইয়ে শিরোপা জেতার প্রতিযোগিতা তো আছেই, তবে আধুনিক ফুটবলে ক্লাবগুলোর আরেকটি বড় লড়াই চলে মাঠের বাইরেও— সেটি ব্র্যান্ড মূল্য নিয়ে। আর সেই লড়াইয়ে এখনো রাজত্ব ধরে রেখেছে স্পেনের দুই জায়ান্ট রেয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।
ব্র্যান্ড ফাইনান্স ফুটবল ফিফটির চলতি বছরের হালনাগাদ প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবল ক্লাবের ব্র্যান্ড মূল্যের তালিকা প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, বিশ্বের শীর্ষ ৫০ ক্লাবের সম্মিলিত ব্র্যান্ড মূল্য ২৩৯০ কোটি ইউরো। এর মধ্যে শীর্ষ ১০ ক্লাবের মূল্যই প্রায় ১৪৯০ কোটি ইউরো।
চলতি বছরের প্রতিবেদন অনুযায়ী, ক্লাবের ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে শীর্ষস্থান দখল করে রেখেছে রেয়াল মাদ্রিদ। এ নিয়ে টানা তৃতীয় বছরের মতো শীর্ষে থাকা স্প্যানিশ ক্লাবটির ব্র্যান্ড ভ্যালু এখন ২৪০ কোটি ইউরো। গত বছরের তুলনায় মাদ্রিদের মূল্য বেড়েছে প্রায় ২৫ শতাংশ।
দ্বিতীয় স্থানে রয়েছে আরেক স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। কাতালান ক্লাবটির ব্র্যান্ড মূল্য বেড়েছে প্রায় ১৫ শতাংশ। সব মিলিয়ে বার্সার বর্তমান ব্র্যান্ড ভ্যালু প্রায় ২০০ কোটি ইউরো।
তবে এবারের প্রতিবেদনের সবচেয়ে বড় চমক আর্সেনাল। প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা পাঁচ ধাপ এগিয়ে ইতিহাসের সেরা অবস্থানে তিন নম্বরে উঠে এসেছে লন্ডনের ক্লাবটি। বর্তমানে আর্সেনালের মূল্য প্রায় ১৫০ কোটি ইউরো। গত বছরের তুলনায় তাদের ব্র্যান্ড মূল্য বেড়েছে প্রায় ২৮ শতাংশ। ২২ বছর পর প্রিমিয়ার লিগের শিরোপা জেতা এবং চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার মতো সাফল্য আর্সেনালের এই উত্থানে বড় ভূমিকা রেখেছে।
শীর্ষ ১০-এর তালিকায় জায়গা পেয়েছে ইংল্যান্ডের পাঁচটি ক্লাব—আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। প্রিমিয়ার লিগের বিশাল বাণিজ্যিক শক্তিরই প্রতিফলন এটি।
চতুর্থ স্থানে রয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। তাদের ব্র্যান্ড মূল্য বেড়ে হয়েছে ১৫০ কোটি ইউরো। একই মূল্যে পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে পিএসজি ও ম্যানচেস্টার সিটি।
সপ্তম স্থানে আছে লিভারপুল (১৫০ কোটি ইউরো)। এরপর ম্যানচেস্টার ইউনাইটেড রয়েছে অষ্টম স্থানে, যাদের ব্র্যান্ড মূল্য ১৪০ কোটি ইউরো।
নবম স্থানে থাকা চেলসির ব্র্যান্ড মূল্য ৯৫ কোটি ইউরো। আর দশম স্থানে রয়েছে বরুশিয়া ডর্টমুন্ড, যাদের মূল্য ৬৬ কোটি ইউরো ।
শুধু ব্র্যান্ড মূল্যেই নয়, ব্র্যান্ড শক্তির দিক থেকেও এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। ব্র্যান্ড ফাইনান্সের বিশ্লেষণে ২৮১টি ক্লাবের মধ্যে সর্বোচ্চ ৯৫.৮ পয়েন্ট পেয়েছে স্প্যানিশ ক্লাবটি।
বিশ্লেষকদের মতে, আধুনিক ফুটবলে শুধু মাঠের সাফল্য একটি ক্লাবের মূল্য বাড়ায় না। বিশ্বজুড়ে সমর্থক তৈরি করা, বড় বাণিজ্যিক চুক্তি, স্টেডিয়াম উন্নয়ন এবং সাফল্যকে আন্তর্জাতিক ব্র্যান্ডে পরিণত করার সক্ষমতাও এখন ক্লাবগুলোর অন্যতম বড় শক্তি।