কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের ম্যাচে গত বুধবার পালমেইরাসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে সান্তোস। তবে দুই লেগ মিলিয়ে ৩-০ গোলে হেরে টুর্নামেন্টে থেকে বিদায় নিয়েছে নেইমারের দল। ওই ম্যাচেই আবার চোট শঙ্কায় নেইমারকে উঠে যেতে হয়েছে দ্বিতীয়ার্ধের শুরুতেই।
নেইমার যখন মাঠ ছাড়েন, তখন তাঁকে চোখে-মুখে হাত দিয়ে আবেগী হতে দেখা যায়। বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ডান উরুতে অস্বস্তির কারণে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন নেইমার।
একদিকে টুর্নামেন্ট থেকে বিদায়, অন্যদিকে চোট শঙ্কায় মাঠ ছেড়ে উঠে যাওয়া- ম্যাচ শেষে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন নেইমার। আর সেটার দায় চাপিয়েছেন পালমেইরাসের মাঠ ভিলা বেলমিরোর ওপর।
ম্যাচে যে শুধু নেইমার ছাড়াও সান্তোসের আরও দুই খেলোয়াড় চোটে পড়েছেন। আর এ কারণে ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে স্টোরিতে মাঠের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীদের তীব্র সমালোচনা করেছেন নেইমার।
অনেকটা ব্যঙ্গ করে নেইমার লিখেছেন, ‘ভিলা বেলমিরোর মাঠের দায়িত্বে থাকা ব্যক্তিকে অভিনন্দন জানাতে চাই। গতকাল ভিলা বেলমিরোর ইতিহাসের সবচেয়ে বাজে মাঠ দেখেছি— পুরো মাঠজুড়ে গর্ত ছিল। অবিশ্বাস্য!’
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার আরও লেখেন, ‘প্রতিপক্ষের বিপক্ষে লড়ার পাশাপাশি আমাদের খেলতে হয়েছে মাঠের বিরুদ্ধেও। প্রথমার্ধেই তিনজন খেলোয়াড় চোটের মতো সমস্যা অনুভব করেছে— এটা কোনো কাকতালীয় ঘটনা নয়।’
সবশেষে ব্যঙ্গ করে মাঠের রক্ষণাবেক্ষণ কর্মীদের উদ্দেশে নেইমার লেখেন, ‘অভিনন্দন... দারুণ কাজ করেছেন!’