কয়েকদিন আগে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। ৩৯ বছর বয়সী এ মহাতারকার সম্মানে একটি বিদায়ী ম্যাচ আয়োজন করতে যাচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। আগামী ৬ অক্টোবর সেই ম্যাচে খেলতে নামবেন মেসি। আর্জেন্টিনার জার্সিতে সেটাই হবে তাঁর শেষ ম্যাচ।
মেসির অবসর ঘোষণা নিয়ে মন্তব্য করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তাঁর মতে, মেসির আর্জেন্টিনা দল থেকে অবসরের এটাই সঠিক সময়। পাশাপাশি নিজে আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন কি না, সেটা নিয়েও অনিশ্চয়তায় আছেন স্কালোনি।
গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছেন, ‘আমার মনে হয়, মেসির মতো একজন খেলোয়াড়ে এমন বিদায়ই প্রাপ্য। ব্যক্তিগতভাবে আমিও এ বিষয়ে কিছুটা ভূমিকা রেখেছি, কারণ আমি ওর বিদায়ের সময় সেখানে থাকতে চাই। আর এখন আমি জানি না, পরে আমি দায়িত্বে থাকব কি না। তাই আমরা চেষ্টা করেছি, যেন সে এই ম্যাচে থাকতে পারে।’
স্কালোনি যোগ করেন, ‘আমরা জানতাম, ও কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল। তারপরও নিজের মানুষের কাছে, যারা তাকে এত ভালোবাসে তাদের সামনে বিদায় বলতে সে আসার ইচ্ছা ও চেষ্টা দেখিয়েছে। তাই যদি ওকে সম্মান জানাতেই হয়, এখনই সেটা করা উচিত। পরে হয়তো সেই আবেগ, সেই জাদু আর একই রকম থাকবে না।’
সর্বশেষ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তোলার পথে ৮ ম্যাচে ৮ গোল করেছেন মেসি। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৪ গোল। সব মিলিয়ে আর্জেন্টিনার জার্সিতে ১২৫ গোল করেছেন মেসি, এর মধ্যে বিশ্বকাপের মঞ্চে তাঁর গোল সংখ্যা ২১টি।
তবে শুধু সংখ্যার হিসেবে নয়, মেসি যেভাবে আর্জেন্টিনাকে একাই টেনেছেন, যেভাবে নেতৃত্ব দিয়েছেন- সেসবই স্কালোনির বেশি মনে ধরেছে। স্কালোনির মতে, মেসিকে কোচিং করানোই তাঁর জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা।
আর্জেন্টিনা কোচের ভাষায়, ‘মেসিকে কোচিং করাতে পারা আমার জন্য জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। এটা ছিল স্বপ্নের মতো। আমি ওকেও সেটা বলেছি এবং সারাজীবন বলে যাব। ওর মতো আর কেউ কখনো আসবে না।’
মেসির প্রশংসায় স্কালোনি আরও বলেন, ‘এমন খেলোয়াড় খুব কমই আসে। শুধু মাঠে সে যা করে তার জন্য নয়, মাঠের বাইরেও সে যেভাবে মানুষকে প্রভাবিত করে। আমাদের উচিত শেষ সময়টা উপভোগ করা।’
ক্যারিয়ারের শেষ সময়েও বালন দ’রের ৩০ জনের তালিকায় মনোনয়ন পেয়েছেন মেসি। আগামী ২৬ অক্টোবর লন্ডনে দেওয়া হবে এবারের বালন দ’র। মেসি এর আগেই রেকর্ড ৮ বার বালন দ’র জিতেছেন। এবার মেসির সম্ভাবনা নিয়ে স্কালোনি বলেছেন, ‘মেসি বিশ্বকাপে যেমনটা খেলেছে, এরপর আর খুব বেশি কিছু বলার নেই। যদি পুরস্কারটি সেরা খেলোয়াড়ের জন্য হয়, তাহলে (মেসির পাওয়া নিয়ে) কোনো সন্দেহ নেই। বিষয়টা অনেকটাই স্পষ্ট; তার পরিসংখ্যানই সেটি প্রমাণ করে। সে যতদিন ফুটবল মাঠে থাকবে, ততদিন তার এই পুরস্কার প্রাপ্য নয়—এমন কথা বলা কঠিন।’