ক্রিস্টিয়ানো রোনালদো ইস্যুতে পর্তুগালের ফুটবল বেশ উত্তেজনাকর মুহূর্ত পার করছে। সম্প্রতি নরওয়ের বিপক্ষে ম্যাচে রোনালদোকে মাঠে নামাননি কোচ জর্জ জেসুস। পুরো ম্যাচ বেঞ্চে থাকার বিষয়টি ভালোভাবে নেননি রোনালদো। এ নিয়ে কোচের সঙ্গে বিরোধ তৈরি হয় রোনালদোর। সেই বিরোধের জেরে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে অনুশীলনও করেননি রোনালদো।
এদিকে আজ বৃহস্পতিবার রাতে নেশনস লিগে ম্যাচ আছে পর্তুগালের। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জেসুস জানান, এই ম্যাচেও শুরুর একাদশে থাকবেন না রোনালদো। বিষয়টি মানতে পারেননি ৪১ বছর বয়সী মহাতারকা। কোচ ও পর্তুগিজ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পরে জাতীয় দলের ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নেন রোনালদো।
এদিকে রোনালদোর সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে মন্তব্য করেছেন তাঁর বোন এলমা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি দাবি করেন, জাতীয় দলে রোনালদোকে পর্যাপ্ত সম্মান দেওয়া হয়নি। রোনালদো আরও বেশি সম্মান পাওয়ার যোগ্য ছিলেন বলেও জানান তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এলমা লিখেছেন, ‘জাতীয় দলে ক্রিস্টিয়ানো রোনালদো আরও বেশি সম্মান পাওয়ার যোগ্য ছিলেন। জাতীয় দলেরও ব্যবস্থাপনা আরও গোছানো হওয়ার দরকার ছিল। পাশাপাশি পর্তুগালের সাংবাদিকতার আরও পেশাদারত্ব দরকার ছিল। এছাড়া অনুমাননির্ভর খবরও কমাতে হবে।’
সম্প্রতি একটি পর্তুগিজ সংবাদমাধ্যম জরিপ চালায়। সেই জরিপের ফলাফলে দেখা গেছে, দেশটির অধিকাংশ মানুষই রোনালদোকে আর শুরুর একাদশে দেখতে চান না। আবার অনেকেই রোনালদোর এখনো খেলে যাওয়া নিয়ে সমালোচনা করেন। তাঁদের উদ্দেশ্যে রোনালদোর বোন জানিয়েছেন, রোনালদোর মতো সেরা তারকার মূল্য তারা বুঝতে পারছেন না।
এ প্রসঙ্গে রোনালদোর বোন লিখেছেন, ‘পর্তুগালের মানুষের কথা যদি বলেন, তাহলে... তারা কোনো কিছুতেই সেরাদের পাওয়ার যোগ্য নয়।’
সমালোচকদের উদ্দেশ্যে এলমা আরও লিখেছেন, ‘আমরা ঈর্ষাপরায়ণ, অবজ্ঞাপূর্ণ ও অজ্ঞ। ক্রিস্টিয়ানোর আগে পর্তুগিজ ফুটবল সবসময় যে মাঝারি মানের অবস্থায় ছিল, আমাদের সেখানেই ফিরে যাওয়া উচিত।’
পোস্টের শেষ অংশে ভাইকে ধন্যবাদ জানিয়ে এলমা লিখেছেন, ‘সবকিছুর জন্য ধন্যবাদ, সিআর সেভেন! তুমি আরও বেশি কিছু পাওয়ার যোগ্য ছিলে!’