ফুটবলে জেতার মতো প্রায় সবকিছুই জিতেছেন লিওনেল মেসি। এবার তাঁর অর্জনের তালিকায় নতুন সম্মাননা যোগ হচ্ছে। মেসিকে সম্মানসূচক ‘ডক্টর অনোরিস কাউসা’ ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয়। এটি ওই বিশ্ববিদ্যালয়ের দেওয়া সর্বোচ্চ সম্মানসূচক স্বীকৃতি। আগামী ৬ অক্টোবর আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচের আগে এই সম্মাননা দেওয়া হবে মেসিকে।
বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পরিষদ সর্বসম্মতভাবে মেসিকে এই সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছেন। সেখানে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করতে গিয়ে মেসির অসাধারণত্ব, অধ্যবসায়, বিনয় এবং দায়িত্ববোধের বিষয়গুলো তুলে ধরা হয়েছে।
সম্প্রতি জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মেসি। তবে আকাশি-সাদা জার্সিতে মেসির অবদানের সম্মানার্থে মেসির জন্য বিশেষভাবে একটি বিদায়ী ম্যাচের আয়োজন করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আগামী ৬ অক্টোবর আর্জেন্টিনার জার্সিতে শেষবার খেলতে নামবেন মেসি। ওই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ বেনিন।
মেসির বিদায়ী ম্যাচ প্রসঙ্গে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া বলেছেন, ‘যে বিদায় তিনি সত্যিই প্রাপ্য, সেটি দেওয়ার জন্যই ম্যাচটি আয়োজন করা হয়েছে।’ বেনিনের বিপক্ষে ম্যাচটি হবে আর্জেন্টিনার জার্সিতে মেসির ২০৮তম ও শেষ ম্যাচ।
আর্জেন্টিনার হয়ে দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে দুটি কোপা আমেরিকা, একটি বিশ্বকাপ ও একটি ফিনালিসিমা জিতেছেন। আর্জেন্টিনাসহ সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের অগণিত স্মৃতি উপহার দিয়েছেন মেসি।
তবে বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয় জানিয়েছে, মেসিকে দেওয়া এই সম্মানের বিষয়টি শুধু তাঁর গোল, শিরোপা বা পরিসংখ্যানের কারণে নয়। বিশ্ববিদ্যালয়ের প্রধান রিকার্দো গেলপি মেসিকে আর্জেন্টিনার জনপ্রিয় সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের একজন উদাহরণ এবং দূত হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে তাঁর বিনয় ও অধ্যবসায়েরও প্রশংসা করেছেন তিনি।