নিজেকে ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর

সাম্প্রতিক সময়টা রোনালদোর জন্য বেশ অস্থিরতার মধ্যেই কেটেছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে বিরোধে আন্তর্জাতিক বিরতির মাঝপথেই ক্যাম্প ছেড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এ মহাতারকার দাবি, কোচ তাঁকে নিয়ে ভুল ব্যাখ্যা দিয়েছেন।

তবে পরিস্থিতি যাই হোক, নিজের সামর্থ্য নিয়ে কখনোই আত্মবিশ্বাসের কমতি ছিল না রোনালদোর। সম্প্রতি রোনালদোর একটি সাক্ষাৎকার প্রচার করেছে সিএনএন। সেই সাক্ষাৎকারে রোনালদো দাবি করেছেন, পেলে-মারাদোনাকে ছাড়িয়ে সর্বকালের সেরা ফুটবলার তিনিই!

তবে মজার বিষয়, গত রোববার এই সাক্ষাৎকারটি প্রচারের কিছু সময় পরই সেটি ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলে সিএনএন। পরে সংবাদমাধ্যমটির পক্ষ থেকে জানানো হয়, এটি ২০২৫ সালের ফেব্রুয়ারির ভিডিও। সে সময় স্প্যানিশ টেলিভিশন লা সেক্সতার সঙ্গে আলাপকালে নিজেকে সেরা দাবি করেছিলেন রোনালদো।

ওই সাক্ষাৎকারে রোনালদো বলেছেন, ‘আমি এখন যে ফর্মে আছি, যে গোলগুলো করছি, মানুষ সেগুলোর যথাযথ মূল্যায়ন করছে না।’

ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এরই মধ্যে ৯৮১ গোল করেছেন রোনালদো। আর মাত্র ১৯ গোল হলেই প্রথম ফুটবলার হিসেবে এক হাজার গোলের মাইলফলক ছুয়ে ফেলবেন রোনালদো। ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি গোলের মালিক রোনালদো মনে করেন, পরিসংখ্যানই তাঁর হয়ে কথা বলছে।

এ প্রসঙ্গে রোনালদো বলেছেন, ‘ইতিহাসের সেরা ফুটবলার আমি, ব্যস— এ নিয়ে আর কোনো কথা নেই। পরিসংখ্যানই সব বলে দিচ্ছে। যদি ১ হাজার গোলে পৌঁছাতে পারি, সেটা হবে অসাধারণ একটা অর্জন, একটা লক্ষ্য পূরণ। তবে আমি অনেক দূরের কথা ভেবে এগোই না।’