ক্ষমা চেয়েও শেষরক্ষা হলো না মার্তিনেসের, গুনতে হবে জরিমানা

সময়টা মোটেও ভালো যাচ্ছে না ম্যান ইউনাইটেডের। একের পর এক ম্যাচে খাবি খাচ্ছে রেড ডেভিলরা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ৫ ম্যাচে জয়ের দেখা পায়নি মাইকেল ক্যারিকের দল। যার সর্বশেষ পরাজয়টি আসে গত মঙ্গলবার রাতে। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরে যায় ম্যান ইউনাইটেড।

ওই ম্যাচে হারের পর ক্লাবের মালিকপক্ষ ও শীর্ষ কর্তাদের তীব্র সমালোচনা করেন লিসান্দ্রো মার্তিনেস। আর্জেন্টাইন ডিফেন্ডার জানান, ম্যান ইউনাইটেডের এই দল চ্যাম্পিয়নস লিগ জেতার যোগ্য নয়। এছাড়া মালিকপক্ষের বিনিয়োগ নিয়েও অভিযোগ করেন তিনি।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে মার্তিনেসকে।

তা আর্জেন্টাইন ডিফেন্ডার কী বলেছিলেন? আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের পর বিভিন্ন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় মার্তিনেস ম্যান ইউনাইটেডের ফুটবল পরিচালক জেসন উইলকক্সকে ইঙ্গিত করে মন্তব্য করেন। তাঁর কথায় ইঙ্গিত ছিল, গ্রীষ্মকালীন দলবদলে প্রয়োজনীয় খেলোয়াড় না কেনায় কোচ মাইকেল ক্যারিককে হতাশ করেছে ক্লাব কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার ক্লাবের অনুশীলন মাঠে মার্তিনেসের সঙ্গে বৈঠক করেন ম্যানচেস্টার ইউনাইটেডের শীর্ষ কর্মকর্তারা। বৈঠকে উপস্থিত ছিলেন উইলকক্স ও ক্যারিকও। এর পরই নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বিবৃতি দেন ২৮ বছর বয়সী এই ফুটবলার।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে মার্তিনেস বলেছেন, ‘আজ ক্লাবের কর্মকর্তা ও কোচের সঙ্গে আমার বৈঠক হয়েছে। আলোচনাটি ছিল খুবই ইতিবাচক। মঙ্গলবারের ম্যাচের পর যা ঘটেছে, তা নিয়ে আমরা নিজেদের মতামত বিনিময় করতে পেরেছি এবং খোলামেলাভাবে কথা বলেছি।’

আর্জেন্টাইন তারকা যোগ করেন, ‘সবাই জানেন, আমি আবেগপ্রবণ একজন মানুষ এবং ফুটবলকে অত্যন্ত গভীরভাবে অনুভব করি। ম্যাচে হারের হতাশা থেকেই নিজের অনুভূতি প্রকাশ করে ফেলেছিলাম। তবে সে জন্য হয়তো সময় ও জায়গাটা উপযুক্ত ছিল না। এ কারণে আমি ক্ষমা চাচ্ছি।’ ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন এক প্রতিবেদনে জানিয়েছে, আগের মন্তব্যের জন্য ক্লাব কর্তৃপক্ষ মার্তিনেসকে জরিমানা করেছে। ক্লাব সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, বিষয়টি এখন ‘মিটে গেছে’।

এদিকে আগামী রোববার লিডস ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ আছে ম্যান ইউনাইটেডের। ওই ম্যাচে মার্তিনেসের খেলতে কোনো বাধা নেই। তবে মার্তিনেস একাদশে থাকবেন কি না, সেটা নির্ভর করবে কোচের পরিকল্পনার ওপর।