বদলে যাচ্ছে সাউথ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ফরম্যাট। ২০৩০ বিশ্বকাপে শুধু দলের সংখ্যা কিংবা সরাসরি খেলার সুযোগের হিসাবেই পরিবর্তন আসছে না, এর কাঠামোতেও আসছে বড় পরিবর্তন।
লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বকে এবার ‘নেশনস লিগ’ নামে রূপ দেওয়ার পরিকল্পনা করছে সাউথ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। পরিকল্পনা অনুসারে, এই প্রতিযোগিতায় দেওয়া হবে আনুষ্ঠানিক শিরোপাও।
কনমেবল অবশ্য এক্ষেত্রে উয়েফার দেখানো পথে হাঁটছে। ইউরোপের দলগুলোকে নিয়ে ২০১৮ সাল থেকে নেশনস লিগ চালু করেছে উয়েফা। সেই প্রতিযোগিতার মতো এবার লাতিন আমেরিকাতেও শুরু হচ্ছে কনমেবল নেশনস লিগ। বিষয়টি জানিয়েছেন উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের (এইউএফ) সভাপতি ইগনাসিও আলোনসো।
এই ফরম্যাট চালু হলে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েও। যদিও ২০৩০ বিশ্বকাপের আয়োজক হিসেবে এই তিন দেশ আগেই সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। বিশ্বকাপে জায়গা নিশ্চিত হলেও বাছাইপর্বের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ থাকবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ের।