আট বছরের সম্পর্কের ইতি, আর্জেন্টিনার কোচিং প্যানেল ছাড়লেন সামুয়েল

অনেক দিন ধরেই গুঞ্জন চলছিল, আর্জেন্টিনা জাতীয় দলের কোচিং স্টাফে আর থাকবেন না ওয়াল্টার সামুয়েল। সেই গুঞ্জন অবশেষে বাস্তবে রূপ নিয়েছে। আলবিসেলেস্তে কোচিং স্টাফের দায়িত্ব ছেড়ে দিয়েছেন ৪৮ বছর বয়সী এ কোচ। কোস্টারিকার বিপক্ষে আর্জেন্টিনার ৭-০ ব্যবধানের জয়ের ম্যাচটাই হয়ে থাকল আর্জেন্টিনার ডাগআউটে সামুয়েল শেষ ম্যাচ।

সামুয়েল ২০১৮ সালে লিওনেল স্কালোনির কোচিং স্টাফে আর্জেন্টিনার সহকারী কোচ হিসেবে যোগ দেন। এরপর আর্জেন্টিনার হয়ে জিতেছেন ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ শিরোপা এবং ২০২২ ফিনালিসিমা। সর্বশেষ বিশ্বকাপেও আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিল এই কোচিং স্টাফ।

যদিও আর্জেন্টিনার সঙ্গে সামুয়েলের চুক্তির মেয়াদ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু এরই মধ্যে এ বছরের শেষ ম্যাচ খেলে ফেলেছে আর্জেন্টিনা। এতে আকাশি-সাদাদের সঙ্গে সামুয়েলের পথচলাও কার্যত শেষ হয়ে যায়। কোস্টারিকা ম্যাচের পর তাই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া, লিওনেল স্কালোনি, কোচিং স্টাফের অন্য সদস্য ও দলের খেলোয়াড়েরা তাঁকে বিশেষভাবে সম্মান জানান।

তা সামুয়েলের জায়গা কি আর্জেন্টিনা নতুন কাউকে নিয়োগ দেবে? এমন প্রশ্নের জবাবে স্কালোনি বলেছেন, ‘আমরা নতুন কাউকে নিয়োগ দিচ্ছি না। আমাদের সাতজনের দল আছে, আর আমরা মনে করি, সাতজনই যথেষ্ট। আমরা ভালোভাবেই কাজ করছি। এটা অবশ্যই বড় এক ক্ষতি। আপাতত তাঁর জায়গায় কাউকে নেওয়ার পরিকল্পনা নেই। কারণ, তাঁর জায়গা পূরণ করার মতো কেউ নেই।’

তবে সামুয়েল চাইলে যে ভবিষ্যতেও আর্জেন্টিনার সঙ্গে কাজ করতে পারবেন, সেটাও জানিয়েছেন স্কালোনি, ‘ভবিষ্যতে যদি কখনো তাঁকে খুব বেশি প্রয়োজন বলে মনে হয়, তাহলে ফোন করে জানতে চাইব, তিনি কী করছেন। আর যদি তিনি তখন ব্যস্ত থাকেন, তাহলে অন্য কিছু ভাবব।’