মেসির গায়ে মারাদোনার ৯৪ বিশ্বকাপের জার্সি কেন?

১৯৯৪ বিশ্বকাপ শেষ করতে পারেননি দিয়েগো মারাদোনা। গ্রিসের বিপক্ষে বিশ্বকাপে নিজের শেষ গোল করেছিলেন। গ্রুপ পর্বে আর্জেন্টিনার শেষ ম্যাচ খেলার আগেই নিষিদ্ধ ওষুধ সেবনের দায়ে নিষিদ্ধ হন কিংবদন্তি। বিশ্বকাপের মারাদোনার শেষ উদযাপনের নীল জার্সিটি তাই বিখ্যাত হয়ে আছে।

গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৯৯৪ বিশ্বকাপে আর্জেন্টিনার গাড় নীল রঙের জার্সিটা পরে এক ভিডিও পোস্ট করেছেন লিওনেল মেসি। খুব সাধারণ এক পোস্টে অন্য কোনো ইঙ্গিত খুঁজে নিচ্ছেন সমর্থকেরা।

কাতারেই স্বপ্নপূরণ হয়েছে মেসির। আর্জেন্টিনার ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বকাপ এনে দিয়েছেন অধিনায়ক। এরপরই জানিয়ে দিয়েছেন আগামী বিশ্বকাপে তাঁকে দেখার সম্ভাবনা নেই। ২০২৬ নাগাদ ৩৯ বছর হয়ে যাবে তাঁর। তাই কদিন আগে আগামী বিশ্বকাপে খেলার প্রসঙ্গে বলেছিলেন, ‘আমার মনে হয় না। এটাই আমার শেষ বিশ্বকাপ ছিল। সবকিছু কেমন চলে তা দেখব। তবে এখন পর্যন্ত আগামী বিশ্বকাপে আমি যাচ্ছি না।’

কিন্তু মেসির নতুন এই ছবি আশা জাগাচ্ছে সমর্থকদের। ইউরোপের পাঠ চুকিয়ে মেসি এখন যুক্তরাষ্ট্রে। এমএলএসের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন তিনি। আগামী ফুটবল বিশ্বকাপ যৌথভাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো আয়োজন করবে। প্রায় চার বছর সময় পাচ্ছেন ভেন্যুগুলোর সঙ্গে মানিয়ে নিতে। আর যে জার্সি গায়ে চাপিয়েছেন কাল, সেই জার্সির সঙ্গেও তো যুক্তরাষ্ট্রের স্মৃতি মিশে আছে। মারাদোনার শেষ বিশ্বকাপ যে যুক্তরাষ্ট্রেই আয়োজিত হয়েছিল। মেসিও কি বিদায় সেখানেই টানবেন?