আর্জেন্টিনায় প্রথম সপ্তাহটা দারুণ কেটেছে জামাল ভূঁইয়ার। দুর্দান্ত অভ্যর্থনায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের দেশে হাজির হয়েছে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক। আর্জেন্টিনার তৃতীয় স্তরের ক্লাব সোল দে মায়োর হয়ে অভিষেকে পেনাল্টি থেকে গোলও করেছেন জামাল।
তবে এক ম্যাচ খেলেই আন্তর্জাতিক ফুটবল বিরতিতে আজ দেশে ফিরেছেন জামাল।
আগামী ৪ এবং ৭ সেপ্টেম্বর ‘ফিফা উইন্ডো’তে আফগানিস্তান দলের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। বসুন্ধরা কিংস অ্যারেনায় হবে এ ম্যাচ দুটি। এ উপলক্ষ্যে গত ২৭ আগস্ট অনুশীলন শুরু করেছে জাতীয় দল।
তবে অধিনায়ক ব্যস্ত ছিলেন আর্জেন্টিনায়। সোল দে মায়োর হয়ে ম্যাচ খেলার পর আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গেও দেখা করে এসেছেন। বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যকার আন্তরিক সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় প্রকাশ করে এসেছেন তাপিয়ার কাছে।
মাঠের খেলায় আর্জেন্টিনার মানুষের ভালোবাসা আদায় করার কাজটা আপাতত স্থগিত করে দেশে ফিরতে হয়েছে জামালকে। গতকাল বাফুফের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে আজ সকাল ৮টা ৪০ মিনিটে বাংলাদেশে আসবেন জামাল ভূঁইয়া। বিবৃতিতে দেশে এসেই সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন অধিনায়ক, এমনটাই বলা হয়েছে।