কেটি লেডেকি যখন প্যারিস অলিম্পিকে যোগ দিলেন, তখন তাঁর নামের পাশে ৭ সোনা ও ৩ রুপাসহ মোট ১০ পদক। আগের ৩ অলিম্পিকে এমন কীর্তি গড়েই মেয়েদের সাঁতারের ইতিহাসে কিংবদন্তি বনে গিয়েছেন ২৭ বছর বয়সী এ আমেরিকান সাঁতারু। প্যারিস অলিম্পিকে নিজেকে নতুন উচ্চতায় তুলেছেন লেডেকি। মেয়েদের সাঁতারে সবচেয়ে বেশি পদক জয়ের রেকর্ড তো গড়েছেনই, অলিম্পিকে সব ধরনের ইভেন্ট মিলিয়ে মেয়েদের সর্বোচ্চ ৯ সোনা জয়ের কীর্তিতেও নিজের নাম লিখিয়েছেন লেডেকি।
প্যারিসে ৪০০ মিটার ফ্রি স্টাইল সাঁতারে ব্রোঞ্জ দিয়ে শুরু, এরপর গত বুধবার ১৫০০ মিটার ফ্রি স্ট্রাইলে অলিম্পিক রেকর্ড (১৫ মিনিট ৩০.০২ সেকেন্ড) গড়ে সোনা জেতার পরদিন দলগত ৪ গুণিতক ২০০ মিটারে রুপা জেতেন লেডেকি। এতে মার্কিন কিংবদন্তির অলিম্পিক পদকের সংখ্যা দাঁড়ায় ১৩, যা মেয়েদের সাঁতারের ইতিহাসে সর্বোচ্চ। সংখ্যাটিকে আজ ১৪তে নিয়েছেন লেডেকি। তাতে কয়েকটি কীর্তিও যুক্ত হয়েছে মার্কিন এ জলমানবীর নামের পাশে।
আজ রোববার প্যারিসের লা দেফন্স অ্যারেনাতে ৮০০ মিটার ফ্রি স্টাইলে ৮ মিনিট ১১.০৪ সেকেন্ড সময় নিয়ে সবার আগে সাঁতার শেষ করেন লেডেকি। মার্কিন কিংবদন্তি মাইকেল ফেলপসের পর দ্বিতীয় সাঁতারু হিসেবে চারটি অলিম্পিকে একই ইভেন্টে সোনা জেতার কীর্তি গড়েন লেডেকি। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে ৮০০ মিটার ফ্রি স্টাইলে প্রথমবার সোনা জেতেন লেডেকি। সে ধারা অব্যাহত রাখেন রিও ও টোকিও অলিম্পিকেও। আজ প্যারিসেও একই ইভেন্টে সোনা জিতে অনন্য এ কীর্তিতে নিজের নাম লেখান ২৭ বছর বয়সী এ সাঁতারু।
অলিম্পিকে এটি লেডেকির ৯ম সোনা। অলিম্পিকে মেয়েদের সব ধরনের ইভেন্ট মিলিয়ে এটি সর্বোচ্চ সোনা জয়ের রেকর্ড। অবশ্য এ রেকর্ডে লেডেকি একা নন। এর আগে সাবেক সোভিয়েত ইউনিয়নের জিমন্যাস্ট লারিসা লাতিনিনা রেকর্ড ৯টি সোনা জিতে এককভাবে শীর্ষে ছিলেন। এখন সে রেকর্ডে লাতিনিনার পাশে যৌথভাবে নাম উঠে গেল লেডেকির।
২ সোনা, ১ রুপা ও ১ ব্রোঞ্জ, এই ছিল লেডেকির প্যারিস অধ্যায়। আজ ৮০০ মিটার ফ্রি স্টাইলের মাধ্যমে সে অধ্যায়ের ইতি ঘটেছে। মার্কিন কিংবদন্তি সাঁতারু বলেছেন, ‘ভিন্নরকম অভিজ্ঞতার মধ্য দিয়ে সপ্তাহটা পার হলো। এর মধ্যে উত্থান-পতন ছিল। আমি শুধু জানতাম, আমাকে আমার লক্ষ্যে নজর রাখতে হবে। সময়ের দিকে নয়, বরং আমার কাজটা ঠিকঠাকভাবে করতে হবে। এবং কাজ শেষে যতবার সম্ভব জাতীয় সঙ্গীত শুনতে হবে।’
আজ লা দেফন্সে কাজটা ঠিকঠাকই সেরেছেন লেডেকি। ৮ মিনিট ১১.০৪ সেকেন্ড সময় নিয়ে সবার আগে সাঁতার শেষ করে সোনা জিতেছেন। তবে রুপা জেতা অস্ট্রেলিয়ান অ্যারিয়ার্নে টিটমাস খুব বেশি পেছনে ছিলেন না। ১.২৫ সেকেন্ড বেশি সময় নিয়ে ৮ মিনিট ১২.২৯ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন টিটমাস।
এ প্রসঙ্গে লেডেকি বলেছেন, ‘আমি জানতাম, এটা খুব কঠিন প্রতিযোগিতা হতে যাচ্ছে। তবে শেষ পর্যন্ত যাই হোক না কেন, আমি আত্মবিশ্বাসী ছিলাম। আমার শুরুতে গতি ভালো থাকে, আমি ফিরে আসতে পারি এবং আমার ধৈর্যে বিশ্বাস রাখি। আমি জানতাম, প্রতিটা ইঞ্চি শান্ত থেকে এগোতে হবে। আমার মনে হয়, আমি কাজটা ঠিকঠাকভাবে করতে পেরেছি।’
টানা চার অলিম্পিকের একই ইভেন্টে সোনা জিতে মাইকেল ফেলপসের পাশে বসা প্রসঙ্গে লেডেকি বলেছেন, ‘এর আগে কেবল মাইকেলই (ফেলপস) এটা করতে পেরেছেন। এতেই বোঝা যায়, এ অর্জনটা কত কঠিন। বিশেষ করে ৮০০ মিটারে আরও কঠিন।’