সম্পদের পাহাড় গড়ে রাজনীতিতে নেমে ব্যর্থ, অবসর ভেঙে ফিরছেন তিনি

৪৬ বছর বয়সে আবার বক্সিং রিংয়ে ফেরার ঘোষণা দিয়েছেন ম্যানি প্যাকিয়াও। ফিলিপিনো এই কিংবদন্তি চার বছর আগে পেশাদার বক্সিং থেকে অবসর নিয়েছিলেন। 

গতকাল নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ফেরার ঘোষণা দিয়েছেন প্যাকিয়াও। জানা গেছে আগামী ১৯ জুলাই লাস ভেগাসে ডাব্লিউবিসি ওয়েল্টারওয়েইট চ্যাম্পিয়ন(৬৩.৫ থেকে ৬৭ কেজি ওজন শ্রেণি) মারিও বারিওসের বিপক্ষে রিংয়ে নামবেন তিনি। সবচেয়ে বেশি বয়সী ওয়েল্টারওয়েইট চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য কিংবদন্তি বক্সারের।

গতকাল টুইটারে (সাবেক এক্স) প্যাকিয়াও লড়াইয়ের স্থানকাল ও প্রতিপক্ষের নাম জানিয়ে পোস্ট করেছেন, ‘আমি ফিরছি। চল ইতিহাস গড়ি।’
২০১৯ সালে ডাব্লিউবিএ (সুপার) টাইটলের লড়াইয়ে কিথ থুরমানকে হারিয়েছিলেন প্যাকিয়াও। ৪০ বছরে জেতা সে টাইটেলই তাঁকে বিশ্বের সবচেয়ে বেশি বয়সী ওয়েল্টারওয়েইট চ্যাম্পিয়নের রেকর্ড এনে দিয়েছিল। এবার সে রেকর্ডই নতুন করে গড়তে চান তিনি।

পেশাদার ক্যারিয়ারে ৬২ লড়াইয়ে মাত্র ৮টি লড়াইয়ে হেরেছেন প্যাকিয়াও, দুটি ফাইট অমিমাংসিত ছিল। সফল ক্যারিয়ারে টানা কয়েক বছর ফোর্বসের সবচেয়ে আয় করা ক্রীড়াবিদের তালিকায় স্থান পেয়েছিলেন। ধারণা করা হয়, ক্যারিয়ারে ফাইট ফি ও এন্ডোর্সমেন্ট মিলিয়ে ২২ কোটি ডলার সম্পদের মালিক হয়েছেন তিনি। 

বক্সিংয়ের পাশাপাশি রাজনীতিতেও বড় একটা সময় কাটানো প্যাকিয়াও ২০২২ সাল পর্যন্ত ফিলিপাইনের সিনেট সদস্য ছিলেন। এরপর দেশটির প্রেসিডেন্সি নির্বাচনে অংশ নিলেও তৃতীয় হন তিনি। গত সপ্তাহেই সিনেট নির্বাচনে অংশ নিয়ে হেরে গেছেন প্যাকিয়াও।