চিকিৎসার জন্য সাড়ে ৫ কোটি টাকা চাঁদা তোলা মানুষটি ধরা পড়লেন মাতাল অবস্থায়

অলিম্পিক জিমন্যাস্টে পদকজয়ী আমেরিকান তারকা ম্যারি লু রেটনকে মাতাল অবস্থায় গাড়ি চালানোর দায়ে গ্রেপ্তার করা হয়েছিল। ওয়েস্ট ভার্জিনিয়া জুডিশিয়ারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী মে মাসের তৃতীয় সপ্তাহে গ্রেপ্তার হয়েছিলেন তিনি।

গত ১৭ মে পুলিশের জরুরি নাম্বারে ফোন দিয়ে জানানো হয় একটি পরশা (বিখ্যাত জার্মান ব্র্যান্ড) গাড়ি অস্বাভাবিকভাবে চালাচ্ছে কেউ। পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে ‘অ্যালকোহল বা মাদকে নেশাগ্রস্ত’ অবস্থায় গাড়ি চালানোর দায়ে ৫৭ বছর বয়সী সাবেক জিমন্যাস্ট।

পুলিশ রিপোর্টে বলা হয়েছে,গাড়ি থামানোর পর কথা জড়িয়ে যাচ্ছিল রেটনের। এবং প্যাসেঞ্জার সিটে ওয়াইনের বাক্স ছিল। ব্রেথ টেস্ট (অ্যালকোহলের মাত্রা বোঝার পরীক্ষা) দিতে অস্বীকৃতি জানান। পরে দেড় হাজার ডলার দিয়ে জামিন পান।

১৯৮৪ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে পাঁচটি পদক জিতেছিলেন রেটন। এর মধ্যে অল অ্যারাউন্ডে জিতেছিলেন সোনা। অলিম্পিক জিমন্যাস্টে রাশিয়া ও পূর্ব ইউরোপিয়ান আধিপত্যের মাঝে সেবারই প্রথম কোনো আমেরিকান কোনো এককে পদক জিতেছিল। অল-অ্যারাউন্ডের শেষ রাউন্ডে ভল্ট-এ পারফেক্ট টেন পেয়েছিলেন। 

যুক্তরাষ্ট্রে জিমন্যাস্টিকস জনপ্রিয় করার পেছনে রেটনের ভূমিকা দেখেন অনেকেই। এই খ্যাতি কাজে লাগিয়ে মিডিয়ায় থিতু হন রটেন। অনেক টিভি শো ও চলচ্চিত্রে দেখা গেছে তাঁকে। বিভিন্ন অনুষ্ঠানে স্পিকার হিসেবে ডাকা হয় তাঁকে। একেকটি অনুষ্ঠানের বক্তা হিসেবে ২৫ হাজার ডলার নেন তিনি।

তবু ২০২৩ সালে যখন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কয়েক সপ্তাহ হাসপাতালে থাকতে হয়েছিল, তখন নিজ অর্থে চিকিৎসা করাননি রেতন। চিকিৎসা বিমা করা না থাকায় ‘গো ফান্ড মি’র মাধ্যমে ৪ লাখ ৫৯ হাজার ৩২৪ ডলার জোগাড় করেছিলেন তাঁর মেয়েরা। যদিও প্রায় ৫ কোটি ৬১ লাখ টাকা কীভাবে ব্যয় করা হয়েছিল, তার কোনো ব্যাখ্যা রেটন বা তাঁর মেয়েরা দেননি।