বাবা কিনেছিলেন ৬ কোটিতে, মেয়ে বিক্রি করছেন ১০০০ কোটিতে

এনবিএ-র সফলতম দল লস অ্যাঞ্জেলেস লেকারস বিক্রি হয়ে যাচ্ছে। বর্তমান মালিক বাস ফ্যামিলি দলটির মালিকানার বড় অংশ বিক্রি করে দিচ্ছে। ভিত্তিমূল্য হিসেবে পুরো দলকে ১০০০ কোটি ডলারের সম্পদ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এবং সে মূল্যের ভিত্তিতেই বিক্রি করা হবে মালিকানার শেয়ার।

গতকাল ইএসপিএন-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্য।

সংবাদমাধ্যমটির এনবিএ-র খবরের জন্য বিশ্বস্ত সূত্র স্যামস চারানিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) এর এক বার্তায় জানিয়েছেন, আমেরিকান হোল্ডিং কনগ্লোপমেরেট টিডাব্লিউজি গ্লোবাল এর প্রধান নির্বাহী মার্ক ওয়াল্টার হতে যাচ্ছেন লস অ্যাঞ্জেলেস লেকারসের।

লেকারসের মালিকানার কিছু অংশ আগেই কিনে রাখা আছে ওয়াল্টারের। বাস্কেটবলের বাইরে মেজর লিগ বেসবলের দল লস অ্যাঞ্জেলেস ডজারেরও মালিক তিনি। নারী এনবিএ-র দল লস অ্যাঞ্জেলস স্পার্কসও কিনে রেখেছেন ওয়াল্টার।

১৯৭৯ সালে জেরি বাস ৬ কোটি ৭৫ লাখ ডলারে (৮২৫ কোটি টাকা) লেকারস কিনে নিয়েছিলেন। এবং এরপর মাঠের সাফল্য ও মাঠের বাইরে দুর্দান্ত ব্যবস্থাপনায় ক্রীড়াঙ্গনের অন্যতম বড় ব্র্যান্ড বানিয়েছেন।

২০১৩ সালে জেরি বাসের মৃত্যুর পর দায়িত্ব পান তাঁর কন্যা জিনি বাস। তাঁর অধীনেও সাফল্য ধরে রেখেছে লেকারস। কিংবদন্তী লেব্রন জেমসকে নিয়ে ২০২০ এনবিএ শিরোপা জিতেছে লেকারস। এই মৌসুমেই ইউরোপের সবচেয়ে বড় তারকা লুকা ডনচিচকে দলে টেনেছে। 
ইএসপিএন বলছে বাস ফ্যামিলি তাদের মালিকানার মাত্র ১৫ শতাংশ ধরে রাখবে। এবং আপাতত কিছুদিন দলের গভর্নরের পদে জিনি বাস-ই থাকবেন।