স্ত্রী-পরিবার নিয়ে ছুটি কাটাচ্ছিলেন, হঠাৎ বজ্রাঘাতে মৃত্যু 

বজ্রাহত হয়ে মৃত্যু হয়েছে ২০১০ শীতকালীন অলিম্পিকে পদক জয়ী অ্যাথলেট অদুন গ্রনভলদের। নরওয়েজিয়ান স্কি ফেডারেশন গত বুধবার নিশ্চিত করেছে ৪৯ বছর বয়সী স্কি ক্রস পদক জয়ীর মৃত্যুর খবর। ২০১০ ভ্যানকুভার গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন গ্রনভলদ।

নরওয়েজিয়ান স্কি ফেডারেশন জানিয়েছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে অদুন গ্রনভলদের অসময়ে বিদায়ের খবর জেনেছি আমরা। সাবেক জাতীয় আলপাইন স্কিয়ার ও স্কি ক্রস অ্যাথলেট এক কেবিন ট্রিপে ছুটি কাটানোর সময় বজ্রাহত হন। বজ্রাহত হওয়ার পর দ্রুত তাঁকে (গ্রনভলদ) হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসা-রত অবস্থায় গত মঙ্গলবার রাতে তাঁর মৃত্যু হয়।’

নরওয়ের আলপাইন স্কিয়িং দলের সদস্য হিসেবে ক্যারিয়ার শুরু করা গ্রনভলদ পরে ফ্রি-স্টাইল ও স্কি ক্রস- এ চলে যান। আলপিয়ান স্কিয়ার হিসেবে ১৯৯৯ সালে স্পেনের সিয়েরা নেভাদায় হওয়া বিশ্বকাপের এক ইভেন্টে তৃতীয় হয়েছিলেন তিনি।

২০০৫ বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্কি ক্রসেও তৃতীয় হন। ২০০৭ ওভারঅল স্কি ক্রস কাপেও ব্রোঞ্জ জিতেন। ২০১০ অলিম্পিকেও পদক জেতা অ্যাথলেট পরে জাতীয় দলের কোচ হয়েছেন। টিভি ধারাভাষ্যেও দেখা গেছে তাঁকে।  

গ্রনভলদের স্ত্রী ক্রিস্তিন তানদবের্গ হাউসিয়া ফেসবুক পোস্টে জানিয়েছেন গ্রনভলদ ছিলেন, ‘জীবনের ভালোবাসা এবং ২০ বছরের সেরা বন্ধু।’ সে সঙ্গে এটাও জানিয়েছেন, তাঁরা পরিবার নিয়ে গ্রীষ্মকালীন ছুটি কাটাতে গিয়েছিলেন।