বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার সকালে মারা গেছেন। খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ছাড়াও অন্যান্য ক্রীড়া ফেডারেশন গভীর শোক জানিয়েছে।
খালেদা জিয়ার মৃত্যুতে আজকের বিপিএলের ম্যাচ স্থগিত করেছে বিসিবি। বিপিএলের পর এবার স্থগিত হয়েছে ফেডারেশন কাপের ম্যাচ ও নারী ফুটবল লিগের ম্যাচ। এছাড়া ম্যাচ স্থগিত করেছে কাবাডি ফেডারেশনও।
ফেডারেশন কাপের সূচিতে আজ দুটি ম্যাচ ছিল। তবে সে ম্যাচ দুটি স্থগিত করেছে বাফুফে। নোয়াখালীতে অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল হওয়ার কথা থাকলেও সেটি আজ মাঠে গড়াবে না।
এছাড়া কমলাপুর স্টেডিয়ামে আজ নারী ফুটবল লিগে তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল। সেই ম্যাচগুলোও স্থগিত ঘোষণা করেছে বাফুফে। এ ম্যাচগুলোর সূচি পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে দেশীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এছাড়া খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে ৩০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের ৯টি ম্যাচ স্থগিত করেছে সিসিডিএম।
ফুটবল ক্রিকেটের বাইরে জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের ম্যাচও স্থগিত হয়েছে। এক বিবৃতিতে শোক প্রকাশ করে কাবাডি ফেডারেশন উল্লেখ করেছে, ‘চলমান জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপ-২০২৫ এর আজকের নির্ধারিত সেমিফাইনাল ম্যাচসমূহ অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া ম্যাচগুলোর নতুন তারিখ ও সময় অতি শীঘ্রই ফেডারেশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে।’