ইয়ামাল-ক্রুসের সঙ্গে পিএসজিও জিতল, তবে রাতটা আলকারাসদের

ফুটবল, ক্রিকেট কিংবা অন্য কোনো খেলাকে ছাপিয়ে লরিয়াস অ্যাওয়ার্ডে যে এবার টেনিসের দাপট থাকবে, সেটা অনুমিতই ছিল। সেই অনুমিত বিষয়টাই গতকাল সোমবার নিশ্চিতে রূপ নিয়েছে। ক্রীড়াঙ্গনের ‘অস্কার’ খ্যাত ২০২৬ লরিয়াস বর্ষসেরা পুরস্কারে এবার বছরের সেরা ক্রীড়াবিদ ক্যাটাগরির দুইটি পুরস্কারই গেছে টেনিসের ঘরে!

বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন কার্লোস আলকারাস, আর বর্ষসেরা নারী ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন আরিনা সাবালেঙ্কা।

তবে একেবারে খালি হাতে ফিরতে হয়নি ফুটবলকে। বর্ষসেরা তরুণ ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন লামিন ইয়ামাল, আর বছরের সেরা ক্লাব হিসেবে পুরস্কারটা গেছে পিএসজিতে। আর স্পোর্টিং ইন্সপাইরেশনের পুরস্কার উঠেছে টনি ক্রুসের হাতে।

মাদ্রিদের সিবেলেসে প্যালেসে গতকাল সোমরাত এ পুরস্কার দেওয়া হয়। লরিয়াস অ্যাওয়ার্ডের এবারের আয়োজনের উপস্থাপনা করেন নোভাক জোকোভিচ ও আইলিন গু।

আলকারাসের বর্ষসেরা ক্রীড়াবিদ পুরস্কার অবশ্য অনুমিতই ছিল ছিল। কোর্টে গত বছরটা দুর্দান্ত কাটিয়েছেন ২২ বছর বয়সী এ স্প্যানিশ। গত বছর ফ্রেঞ্চ ও ইউএস ওপেন জয়ের পাশাপাশি চলতি বছর জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনাও জিতেছেন আলকারাস। অন্যদিকে নারীদের শীর্ষ বাছাই টানা দ্বিতীয়বারের মতো জিতেছে ইউএস ওপেন।

অন্যদিকে গত মৌসুমে ট্রেবল জয়ের পথে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জিতেছিল পিএসজি। সে কারণেই বছরের সেরা দলের পুরস্কারটা গেছে প্যারিসের ক্লাবটিতে। 

আরও বেশ কয়েকটি ক্যাটাগরিতে বর্ষসেরার এ পুরস্কার দেওয়া হয়েছে গতকাল।

 

একনজরে ২০২৬ লরিয়াস অ্যাওয়ার্ড বিজয়ী:

বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ: কার্লোস আলকারাস

বর্ষসেরা নারী ক্রীড়াবিদ: আরিনা সাবালেঙ্কা

বর্ষসেরা দল: পিএসজি

বর্ষসেরা ব্রেকথ্রু: লান্দো নরিস

বর্ষসেরা কামব্যাক: ররি ম্যাকলরি

বর্ষসেরা প্রতিবন্ধী ক্রীড়াবিদ: গাব্রিয়েল আরাউহো

বর্ষসেরা অ্যাকশন স্পোর্টসপারসন: চোলে কিম

বর্ষসেরা তরুণ ক্রীড়াবিদ: লামিন ইয়ামাল

বর্ষসেরা স্পোর্টিং ইন্সপাইরেশন পুরস্কার: টনি ক্রুস

আজীবন সম্মাননা: নাদিয়া কোমানিচি

স্পোর্ট ফর গুড পুরস্কার: ফুটবল মাস