ম্যারাথন ইতিহাসে যা আগে কখনো হয়নি, সেটাই দেখা গেছে গতকাল রোববার। ইতিহাসে ‘প্রথম’অ্যাথলেট হিসেবে দুই ঘণ্টার নিচে দৌড় শেষ করে লন্ডন ম্যারাথনে সোনা জিতেছেন সেবাস্তিয়ান সাওয়ে। কেনিয়ার এ দৌড়বিদ গতকাল দৌড় শেষ করেছেন ১ ঘণ্টা ৫৯ মিনিট ৩০ সেকেন্ড সময় নিয়ে।
ম্যারাথনে আগের বিশ্বরেকর্ডটি ছিল কেনিয়ার প্রয়াত অ্যাথলেট কেলভিম কিপটুমের। ২০২৩ সালে শিকাগোতে তিনি সময় নিয়েছিলেন ২ ঘণ্টা ০ মিনিট ৩৫ সেকেন্ড। গতকাল ৬৫ সেকেন্ড আগে দৌড় শেষ করে সেই রেকর্ডটি নিজের করে নেন সাওয়ে।
অ্যাথলেটিকসে দুই ঘণ্টার নিচে দৌড় শেষ করাকে এতদিন বড় একটা বাধা বলে মনে করা হচ্ছিল। যদিও ২০১৯ সালে কেনিয়ার আরেক অ্যাথলেট এলিউড কিপচোগে দুই ঘণ্টার আগেই ম্যারাথন শেষ করার কৃতিত্ব দেখিয়েছিলেন। কিন্তু ওই ম্যারাথনটি নিয়ন্ত্রিত পরিবেশে অনুষ্ঠিত হয়েছিল। কিপচোগে ওই সময় বিশেষ জুতা পরে দৌড়েছিলেন। পাশাপাশি কিছু নিয়ম না মানা এবং ওই প্রতিযোগিতাটি উন্মুক্ত ইভেন্ট ছিল না বলে কিপচোগের কীর্তিটি রেকর্ড হিসেবে গণ্য হয়নি।
এতে দুই ঘণ্টার নিচে দৌড় শেষ করার যে আক্ষেপ এতদিন ছিল, সেটা গতকাল পূর্ণ করেন সাওয়ে। শুধু সাওয়েই ২ ঘণ্টার নিচে দৌড় শেষ করেছেন, এমন নয়। সাওয়ের পেছনে থেকে দ্বিতীয় হওয়া ইয়োমিফ কেজেলচাও দৌড় শেষ করেছেন ১ ঘণ্টা ৫৯ মিনিট ৪১ সেকেন্ড।
গতকাল দৌড়ের বেশিরভাগ সময়ই সাওয়ের সঙ্গে পাল্লা দিয়েছেন ইথিওপিয়ার এ দৌড়বিদ। কখনো কখনো এগিয়েও ছিলেন কেজেলচা। কিন্তু শেষ মুহূর্তে গিয়ে সাওয়ের সঙ্গে আর পেরে ওঠেননি তিনি।
গতকাল বিশ্বরেকর্ড নতুন করে লেখার পর সংবাদমাধ্যম বিবিসির মুখোমুখি হন সাওয়ে। রেকর্ড ভাঙার কথা আগে থেকে ভেবেছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দৌড়টা ভালোভাবে শুরু করেছিলাম এবং শেষের দিকে এসে আমি নিজেকে শক্তিশালী অনুভব করছিলাম। আমি খুবই আনন্দিত।’
শুধু ছেলেদের বিভাগেই নয়, নারীদের ম্যারাথনেও গতকাল বিশ্বরেকর্ড নতুন করে লেখা হয়েছে। ইথিওপিয়ার টিগস্ট আসেফাও গতকাল ২ ঘণ্টা ১৫ মিনিট ৪১ সেকেন্ড সময় নিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন। ভেঙে দিয়েছেন গত বছর লন্ডন ম্যারাথনে নিজের গড়া ২ ঘণ্টা ১৫ মিনিট ৫০ সেকেন্ডকে।