‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের তৃণমূল পর্যায় থেকে খুদে ও উদীয়মান ক্রীড়াবিদ খুঁজে বের করতে আবারও শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস। আর ‘নতুন কুড়ি স্পোর্টস ২০২৬-২৭’ মৌসুমের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তি অনুসারে, গত ১ জুলাই শুরু হওয়া রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। ১২ থেকে ১৪ বছর বয়সী ছাত্র-ছাত্রীরা মেগা এই আসরের ১০টি ইভেন্টে অংশ নিতে পারবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১২ সালের ১লা সেপ্টেম্বর থেকে ২০১৪ সালের ৩১ আগস্ট যাদের জন্ম, তারা আবেদন করতে পারবে। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট (কারাতে, উশু, তাইকোয়ানডো, জুডো), সাঁতার, ভলিবল ও টেবিল টেনিস- এই ১০টি ইভেন্টে আবেদন করতে পারবে ছাত্র-ছাত্রীরা। তবে একজন সর্বোচ্চ দুটি খেলায় অংশ নিতে পারবে।
আবেদনের জন্য আগে থেকেই কিছু প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখতে হবে। অনলাইনে আবেদনের সময় ভেরিফাইড জন্মনিবন্ধন সনদ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র, ৬ষ্ঠ বা ৮ম শ্রেণির ভর্তি রেজিস্ট্রেশন কার্ড, স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক বর্তমান শ্রেণির সত্যায়িত টট লিস্টের কপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপলোড করতে হবে।
আগ্রহীরা notunkurisports.gov.bd ওয়েবসাইটে ভিজিট করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।