এশিয়ান গেমস সার্ফিংয়ে ইতিহাস, দ্বিতীয় রাউন্ডে ফাতেমা-মান্নান

এশিয়ান গেমসের সার্ফিংয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশের ফাতেমা আকতার ও মোহাম্মদ মান্নান। এশিয়ান গেমস সার্ফিংয়ে এই প্রথমবারের মতো অংশগ্রহণ করেই বাজিমাত করেছেন বাংলাদেশের এই দুই সার্ফার। ফাতেমা নিজের হিটে তৃতীয় এবং মান্নান দ্বিতীয় হয়ে পরের রাউন্ডে গিয়েছেন। 

জাপানের আইচির তাহারা লং বিচে ঢেউ না থাকায় এশিয়ান গেমসের সার্ফিং প্রতিযোগিতার সূচিতে গতকাল বড় ধরনের বিঘ্ন ঘটে। বাংলাদেশের ফাতেমা আক্তার ২.৯২ পয়েন্ট স্কোর করার পর সমুদ্র শান্ত হয়ে যাওয়ায় কিছু সময়ের জন্য প্রতিযোগিতা কার্যত বন্ধ হয়ে যায়।

পরিস্থিতির কারণে স্বাভাবিকভাবে প্রতিযোগিতা চালিয়ে যাওয়া সম্ভব না হলেও আয়োজকেরা শেষ পর্যন্ত হিটগুলো সম্পন্ন করেন। তবে প্রতিকূল পরিবেশের কারণে নারীদের আটটি হিটে অংশ নেওয়া ৩২ জন সার্ফারকেই দ্বিতীয় রাউন্ডে উন্নীত করা হয়।

দ্বিতীয় রাউন্ডে দক্ষিণ কোরিয়ার সু-জাংয়ের মুখোমুখি হবেন বাংলাদেশের ফাতেমা।

এদিকে পুরুষদের ইভেন্টে সরাসরি দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের মোহাম্মদ মান্নান। পঞ্চম হিটে ৫.৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হন তিনি। আজ দ্বিতীয় রাউন্ডে থাইল্যান্ডের টিন জনসনের বিপক্ষে লড়বেন মান্নান।