ম্যাচের মোড় পাল্টাল কয়েক দফা। যিনিই জেতেন না কেন, রোলাঁ গারো পাবে নতুন রাজা। ২৭ বছর বয়সী জার্মান তারকা অ্যালেক্সান্ডার জভেরেভ চেষ্টা করে গেলেন সর্বোচ্চ। প্রথম সেটে হারার পর দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়ে পরের দুটি সেট জিতে এগিয়ে ছিলেন জার্মান চতুর্থ বাছাই।
কিন্তু দিনটা যে আসলে কার্লোস আলকারাসের। খাদের কিনার থেকে প্রত্যাবর্তনের দুর্দান্ত গল্প লিখে শেষ দুই সেট জিতে নেন স্প্যানিশ তারকা। পাঁচ সেটের শাসরুদ্ধকর লড়াই শেষে নিশ্চিত হয়, আলকারাসই হচ্ছেন ফ্রেঞ্চ ওপেনের নতুন রাজা।
প্যারিসের রোলাঁ গারোতে ফ্রেঞ্চ ওপেনের ১২৩তম টুর্নামেন্টে শ্বাসরুদ্ধকর ফাইনাল শেষে শিরোপা উঁচিয়ে ধরলেন ২১ বছর বয়সী আলকারাস। ৪ ঘণ্টা ১৯ মিনিটের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ৬-৩, ২-৬, ৫-৭, ৬-১ ও ৬-২ সেটে জিতে যান স্প্যানিশ তারকা।
এটি আলকারাসের ক্যারিয়ারে তৃতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা। এর আগে ২০২২ ইউএস ওপেন ও ২০২৩ উইম্বলডনে শিরোপা জেতেন আলকারাস। এবার জিতলেন ফ্রেঞ্চ ওপেন। মাত্র ২১ বছর বয়সে তিন ধরনের কোর্টে শিরোপা জিতলেন স্প্যানিশ তারকা। এত কম বয়সে তিনটি ভিন্ন কোর্টে গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড নেই আর কারো।
গতকাল প্রথম সেটে ৬-৩ গেমে জেতার পর দ্বিতীয় সেটে ২-৬ গেমে হেরে যান আলকারাস। এরপর তৃতীয় সেটে এক পর্যায়ে ৫-২ গেমে এগিয়ে ছিলেন। সেখান থেকে টাইব্রেকারে নিয়ে এ সেটটিও জিতে নেন ২৭ বছর বয়সী জভেরেভ। তবে শেষ দুই সেটে একদমই পাত্তা পাননি প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের স্বপ্ন দেখা জার্মান তারকা। ৬-১ ও ৬-২ গেমে পরাজিত করে ফ্রেঞ্চ ওপেনের নতুন রাজা হিসেবে নিজের নাম লেখান আলকারাস।
অন্যদিকে কখনোই গ্র্যান্ড স্লাম জিততে না পারা জভেরেভ এ নিয়ে দুবার ফাইনালে উঠে দুবারই ফিরলেন খালি হাতে। এর আগে ২০২০ ইউএস ওপেনের ফাইনালে অস্টিয়ার ডমিনিক থিমের কাছে শিরোপা হাতছাড়া করেছিলেন জভেরেভ। সেবার দুই সেট শেষে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ সেটে হেরে যান তিনি। এবার শিরোপা হাতছাড়া করলেন আলকারাসের কাছে।
প্রথমবার শিরোপা নিশ্চিত হওয়ার পরেই ফ্রেঞ্চ ওপেনে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদালের মতো কোর্টে পিঠ দিয়ে শুয়ে পড়েন আলকারাস। ম্যাচ শেষে আলকারাস বলেছেন, ‘আমি টেলিভিশনে এ টুর্নামেন্ট দেখতাম, আর এখন এ ট্রফি ধরে আছি।’ অন্যদিকে জভেরেভ বলেছেন, ‘আমার মনে হয় আমার পক্ষে যা করা সম্ভব, সবটা দিয়েই চেষ্টা করেছি। কার্লোস দুর্দান্ত খেলেছে। চতুর্থ ও পঞ্চম সেটে ও আমার চেয়ে ভালো খেলেছে। ওখানেই ম্যাচটা জিতেছে ও।’