৩৭ বছরেও দেখিয়ে দিচ্ছেন তিনিই সর্বকালের সেরা

বছরের প্রথম গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনাল যেন পরিণত হয়েছিল ‘অলিখিত ফাইনাল’-এ। না হওয়ার তো প্রশ্নই যে আসে না! একদিকে সময়ের সেরা তরুণ তারকা কার্লোস আলকারাস, অন্যদিকে অনেকের চোখেই সর্বকালের সেরা নোভাক জোকোভিচের লড়াই বলে কথা।

হাইভোল্টেজ এই ম্যাচের শুরুতে ২৪ বারের গ্র্যান্ড স্লাম জয়ী জোকোভিচ পিছিয়ে পড়েন, শুধু পিছিয়ে-ই পড়েননি সঙ্গে ভক্তদের ইনজুরির ভয়ও দেখিয়েছিলেন। তবে সবচেয়ে বেশি একক গ্র্যান্ড স্লাম জয়ী ৩৭ বছর বয়সী সার্বিয়ান তারকা শেষ হাসি ঠিকই হেসেছেন।  

রড লেভার এরিনাতে অস্ট্রেলিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালে স্প্যানিশ তারকা কার্লোস আলকারাসকে ৪-৬, ৬-৪,৬-৩ ও ৬-৪ গেমে হারিয়েছেন নোভাক জোকোভিচ। প্রথম সেট হারলেও পরের তিন সেট টানা জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছেন ১০ বারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন জোকোভিচ।

ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিলেন আলকারাস। প্রথম সেটের প্রথম গেমেই ব্রেক পয়েন্ট দিয়ে বসেন তরুণ আলকারাস। ২-০ গেমে পিছিয়ে পড়লেও জোকোভিচের দ্বিতীয় সার্ভই ব্রেক করে বসেন আলকারাস।

এরপর প্রথম সেটে শুধু সমতাই ফেরাননি ২১ বছর বয়সী আলকারাস, ৬-৪ গেমে জিতেও নেন। প্রথম সেটের সপ্তম গেম শেষে অবশ্য জোকোভিচভক্তরা খানিকটা শঙ্কায় পড়েছিলেন। ম্যাচের এক পর্যায়ে জোকোভিচকে পা খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। নবম গেম শেষে তো মেডিক্যাল টাইম আউটও নেন জোকোভিচ।

তবে প্রথম সেট হারলেও জোকোভিচের পায়ে যে কিছুই হয়নি তা বোঝা যায় পরের সেটেই। ৫১ মিনিটেই দ্বিতীয় সেট ৬-৪ গেমে জিতে ম্যাচে সমতা ফেরান সার্বিয়ান তারকা। ১-১ সেটে ম্যাচে ফেরার পর যেন পুরোনো জোকোভিচের দেখা মিলে।

তৃতীয় সেটে জোকার শুধু এগিয়েই যাননি। একতরফাভাবে ৬-৩ গেমে মাত্র ৫০ মিনিটেই জিতে নেন তৃতীয় সেট। এরপর ম্যাচে টিকে থাকার লড়াইয়ে চতুর্থ সেটে শুরুতেই ধাক্কা খান আলকারাস।

চতুর্থ সেট যেখানে বাঁচা-মরার লড়াই হয়ে দাঁড়ায় ,সেখানে নিজের প্রথম সার্ভেই জোকোভিচকে সার্ভ ব্রেক করার সুযোগ দেন আলকারাস।

চতুর্থ সেটের প্রথমেই ব্রেক পয়েন্ট পেয়ে আর ভুল করেননি জোকোভিচ। এরপর টানা নিজের সার্ভগুলো জিতে শেষ পর্যন্ত ৬-৪ গেমে চতুর্থ সেট জিতে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল নিশ্চিত করেন জোকোভিচ।

আজকের জয়ে ক্যারিয়ারের ৫০তম গ্র্যান্ড স্লাম সেমিফাইনালে পৌঁছেছেন এই সার্বিয়ান তারকা। ৩৭ বছর বয়সী জোকারের এটি ১২তম অস্ট্রেলিয়ান ওপেন সেমিফাইনাল। নিজের নামের পাশে ১১বারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী লেখানো থেকে আর দুটি জয় দূরে জোকোভিচ। সেমিফাইনালে আগামী ২৪ জানুয়ারি জোকোভিচের প্রতিপক্ষ জার্মান তারকা আলেক্সজান্ডার জভেরেভ।