মায়াস্থেনিয়া গ্রাভিস- নামের কঠিন এক রোগে আক্রান্ত হয়েছেন নয়বারের গ্র্যান্ড স্লাম জয়ী মনিকা সেলেস। এই রোগে আক্রান্ত হওয়ার খবর সম্প্রতি নিজেই প্রকাশ্যে এনেছেন ৫১ বছর বয়সী সাবেক টেনিস তারকা। ইউএস ওপেন শুরুর আগে সবাইকে সতর্ক করতেই রোগটি নিয়ে কথা বলেছেন মনিকা।
মায়াস্থেনিয়া গ্রাভিস মূলত দীর্ঘমেয়াদী স্নায়ু ও পেশি-সম্পর্কিত অটোইমিউন রোগ। যা মানুষের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাহত করে এবং স্নায়ু ও পেশির সংযোগস্থলকে আক্রমণ করে, ফলে দুর্বলতা ও ক্লান্তি দেখা দেয়।
আমেরিকান সংবাদমাধ্যম অ্যাসোসিয়েট প্রেস (এপি)-এর সঙ্গে ৩ বছর আগে আক্রান্ত হওয়া এই রোগ নিয়ে কথা বলেছেন মনিকা। আমেরিকান টেনিস তারকা এই রোগের লক্ষণ তাঁর শরীরে প্রথম দেখতে পান ৫ বছর আগে।
এই ব্যাপারে মনিকা বলেন, ‘আমি কিছু বাচ্চা ও পরিবারের সদস্যদের সঙ্গে (টেনিস) খেলছিলাম, আর আমি একটা বল মিস করতাম। তখন আমি ভাবতাম, ‘হ্যাঁ’, আমি দুটি বল দেখতে পাচ্ছি। এগুলো স্পষ্টতই এমন উপসর্গ যা উপেক্ষা করা যায় না।’
এই রোগ নিয়ে কথা বলতে অনেক সময় নিয়েছেন মনিকা। তার কারণ হিসেবে তিনি বলেছেন, ‘এটি মেনে নিতে, খোলাখুলিভাবে এ নিয়ে কথা বলতে আমার বেশ সময় লেগেছে, কারণ এটি একটা কঠিন ব্যাপার। এটা আমার দৈনন্দিন জীবনে অনেক প্রভাব ফেলে।’
মায়াস্থেনিয়া গ্রাভিসের বর্তমানে কোনও নিরাময় না থাকলেও, নিজের জায়গা থেকে মানুষকে এ সম্পর্কে সচেতন করতেই সেলেস তাঁর রোগের কথা প্রকাশ করার সিদ্ধান্ত নেন।
আমেরিকান এই টেনিস তারকা ১৯৯০ সালে ১৬ বছর বয়সে ফ্রেঞ্চ ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেন। এরপর মাত্র ১৯ বছর বয়সে আটটি বড় শিরোপা নিজের নামে করেন।
কিন্তু ১৯৯৩ সালে হামবুর্গে এক ম্যাচ চলাকালীন এক ভক্তের ছুরি হামলার শিকার হওয়ার পর মনিকা কিছু সময় টেনিস কোর্টের বাইরে ছিলেন। ফিরে এসে এরপর আর মাত্র একটি গ্র্যান্ড স্ল্যাম জিততে সক্ষম হয়েছিলেন তিনি।
সেলেস ২০০৩ সালে তাঁর শেষ ম্যাচ খেলেন। ক্যারিয়ারে মোট ৫৩টি টুর্নামেন্ট জিতেছেন এবং ১৭৮ সপ্তাহ বিশ্বের এক নম্বর খেলোয়াড় ছিলেন।