এভাবেও ফিরে আসা যায়!
অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককের ফাইনালে কাজাখস্তানের এলেনা রিবাকিনা যা করে দেখালেন তা দেখে যে কেউই এটা বলতে পারেন। ফাইনাল সেটে ০-৩ গেমে পিছিয়ে পড়ে নিজের সার্ভে ৩০-৩০ পয়েন্টে ছিলেন রিবাকিনা। এমন অবস্থান থেকে ম্যাচে ফেরা এক পর্যায়ে অসম্ভব মনে হচ্ছিল! বিশেষ করে বিশ্বের এক নম্বর খেলোয়াড় অ্যারিনা সাবালেঙ্কার দ্রুত গতির ফরহ্যান্ড স্ট্রোকের কারণে শেষ সেট একপেশে হয়ে যাচ্ছিল।
কিন্তু তৃতীয় সেটের চতুর্থ গেমে নিজের সার্ভ ধরে রেখে ৩-১ গেমে পৌঁছানোর পর রিবাকিনা দেখালেন পিছিয়ে পড়েও কীভাবে ম্যাচে ফেরা যায়। নাটকীয় প্রত্যাবর্তনে বিশ্ব র্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা সাবালেঙ্কার সার্ভ পর পর দুই দুই বার ব্রেক করে মুহূর্তেই ০-৩ থেকে ৪-৩ গেমে এগিয়ে যান রিবাকিনা। শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেননি সাবালেঙ্কা।
দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে শেষ সেটে ৬-৪ গেমে ক্যারিয়ারের অন্যতম সেরা জয় তুলে নেন রিবাকিনা। সেই সঙ্গে বিশ্বের এক নম্বর খেলোয়াড় সাবালেঙ্কাকে ৬-৪, ৪-৬, ৬-৪ গেমে হারিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জেতেন পঞ্চম বাছাই রিবাকিনা।
মেলবোর্নে ম্যাচের শুরুতে প্রথম সেটে সাবালেঙ্কা ৪-৬ গেমে হেরে পিছিয়ে পড়েছিলেন। রিবাকিনা এগিয়ে থেকেও দ্বিতীয় সেটে সাবালেঙ্কার কাছে ৬-৪ গেমে হেরে বসেন। দ্বিতীয় সেট জয়ের পর তৃতীয় ও শেষ সেটে টানা তিন গেম জিতেন সাবালেঙ্কা। কিন্তু এরপর রিবাকিনা যেভাবে ফিরলেন তা কেবলই ইতিহাস, সেই সঙ্গে দীর্ঘ ৪ বছরের আক্ষেপও মোচন করেছেন।
এটি রিবাকিনার ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়। এর আগে ২০২২ সালে উইম্বলডনে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন তিনি।
নিজের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়ের পথটা অবশ্য সহজে আসেনি কাজাখস্তানের এই তারকা। গত জুলাইয়ে ২৬ বছর বয়সী এই খেলোয়াড় ছিলেন হিসেবের বাইরে, কেউই তাঁকে গুনায়ই ধরেনি। অন্তত পরিসংখ্যান তা-ই বলছে।
গত জুলাইয়েও রিবাকিনা ছিলেন শীর্ষ দশের বাইরে। সর্বশেষ ডব্লিউটিএ ফাইনালসে সাবালেঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসার ইঙ্গিত দিয়েছিলেন। এবার এমনই প্রত্যাবর্তন হলো রিবাকিনার, তাতে একেইবারেই গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন।
কাজাখ এই তারকার প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের পর পিছিয়ে পড়ার অবশ্য ভিন্ন এক কারণও ছিল। কোর্টের বাইরেও সম্প্রতি চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন রিবাকিনা। গত বছর এই সময় তিনি খেলছিলেন তার দীর্ঘদিনের কোচ স্তেফানো ভুকভের দীক্ষা ছাড়াই।
নারী টেনিস সংস্থা (ডব্লিউটিএ) রিবাকিনার প্রতি কথিত মৌখিক দুর্ব্যবহারের অভিযোগে ভুকভকে সাময়িক নিষিদ্ধ করেছিল। যদিও রিবাকিনা সেই সিদ্ধান্তের বিরোধিতা করেন এবং টুর্নামেন্টের বাইরে তার সঙ্গেই অনুশীলন চালিয়ে যান। পরে গত আগস্টে আপিলে ভুকভের নিষেধাজ্ঞা উঠে গেলে রিবাকিনার দলে ফেরেন তিনি, আর তখন থেকেই রিবাকিনার পারফরম্যান্সে উত্থান দেখা যায়। চলতি মৌসুমে সবচেয়ে বেশি ম্যাচ জেতা খেলোয়াড়ও এখন রিবাকিনা।