হঠাৎ উচ্চতা হারালো বোয়িংয়ের ড্রিমলাইনার, অন্তত ৫০ যাত্রী আহত 

অস্ট্রেলিয়ার সিডনি থেকে নিউজিল্যান্ডের অকল্যান্ড যাওয়ার সময় মাঝ আকাশে কারিগরি ত্রুটির মুখে পড়েছে লাতাম এয়ারের একটি ফ্লাইট। বোয়িং সেভেন এইট সেভেন ড্রিমলাইনার মডেলের উড়োজাহাজটি এ সময় তার নির্দিষ্ট উচ্চতা থেকে অনেকটাই নিচে নেমে আসে। 

আকস্মিক এ ঘটনায় চিলির এয়ারলাইনসটির অন্তত ৫০ জন যাত্রী আহত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।  

ফ্লাইটে থাকা ব্রায়ান জোকট নামে একজন যাত্রী জানিয়েছেন, এ সময় বেশ কয়েকজন যাত্রী উড়োজাহাজটির ছাদে ধাক্কা খায়। অনেকেই তাদের আসন থেকে ছিটকে পড়েন। 

ব্রায়ান জোকট বলেন, ‘যাত্রীরা এতো জোরে ধাক্কা খায় যে ছাদের কিছু অংশ ভেঙে যায়। আমি এ ধরনের পরিস্থিতি আগে কখনই দেখিনি। অনেকের মাথা ফেটে রক্ত বের হচ্ছিল। যাত্রীরা আতঙ্কে চিৎকার করছিলেন।’  

আহতদের মধ্যে ১২ জনকে অকল্যান্ডের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা শঙ্কাজনক। 

নিউজিল্যান্ডের সেন্ট জন অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, তারা ফ্লাইটের অন্তত ৫০ জন যাত্রীকে সেবা দিয়েছে। 

ফ্লাইটের আরেক যাত্রী রেডিও নিউজিল্যান্ডকে জানিয়েছেন, তিনি অনেক যাত্রীকে রক্তাক্ত অবস্থায় উড়ে যেতে দেখেছেন। তাদের অনেকেই এ সময় সিটবেল্ট বাঁধা অবস্থায় ছিলেন না।  

তবে ঠিক কি কারণে এ ধরনের অবস্থা তৈরি হয়েছিল, তা এখনও জানা যায়নি। ফ্লাইটএওয়্যার নামের একটি ফ্লাইট ট্র্যাকার প্রতিষ্ঠান জানিয়েছে, উড়োজাহাজটি তার তিন ঘণ্টা ফ্লাইটের মধ্যে দুই ঘণ্টার জন্য উচ্চতা হারায়। 

এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে লাতাম এয়ারলাইনস কর্তৃপক্ষ। তারা বলছে, ফ্লাইটটিতে কারিগরি ত্রুটির কারণে এ পরিস্থিতি তৈরি হয়। তবে এ বিষয়ে আর কোনো তথ্য জানায়নি তারা। 

এয়ারলাইনসটি জানায়, নির্ধারিত সময়েই ফ্লাইটটি অকল্যান্ড পৌঁছায়। 
 
এই ফ্লাইটটি অকল্যান্ড থেকে চিলির রাজধানী সানতিয়াগোতে যাওয়ার কথা ছিল। কিন্তু যাত্রা বাতিল করা হয়েছে।