ইসরায়েল ও ইরানের মধ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য পাকিস্তানের সঙ্গে আলোচনা করেছে আমেরিকা। এক ফোনালাপে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মধ্যে এ নিয়ে কথা হয়। পাকিস্তান সবসময় মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা রাখতে আগ্রহী বলে এ সময় জানান শাহবাজ।
ফোনালাপে রুবিও আবারও জোর দিয়ে বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে পারবে না। এ ছাড়া ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করেন শাহবাজ শরিফ।
এর আগে সম্প্রতি হোয়াইট হাউজে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্প। সেসময় মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, ইরান সম্পর্কে পাকিস্তান অন্য যে কোনো দেশের চেয়ে ভালো জানে। পরে ভারত-পাকিস্তান সংঘাত বন্ধে উদ্যোগ নেওয়ার কারণে ট্রাম্পকে শান্তি পুরস্কারের জন্য সুপারিশের কথা বলে পাকিস্তান।
তবে ইরানে মার্কিন হামলার সমালোচনা করেছে পাকিস্তান সরকার। এবার তারা চাইছে মধ্যপ্রাচ্য ইস্যুতে ভূমিকা রাখতে।