পুরস্কার নিতে গেলে ‘পলাতক’ ঘোষণা করা হবে শান্তিতে নোবেল জয়ী মাচাদোকে

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদোকে ‘পলাতক’ ঘোষণা করা হবে যদি তিনি পুরস্কার গ্রহণ করতে নরওয়ে যান। আজ শুক্রবার ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল তারিক উইলিয়াম সাব এমনটাই জানিয়েছেন বার্তা সংস্থা এএফপি-কে।

তারিক উইলিয়াম সাব এএফপি-কে বলেছেন যে, মারিয়া কোরিনা মাচাদো’র বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক কাজ, ঘৃণা উসকে দেওয়া এবং সন্ত্রাসবাদের’ মতো গুরুতর সব অভিযোগ রয়েছে। এই প্রেক্ষাপটে তিনি যদি নোবেল শান্তি পুরস্কার গ্রহণে নরওয়েতে যান, তাহলে তিনি ‘পলাতক’ বলে বিবেচিত হবেন।

উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর নরওয়ের রাজধানী অসলো’তে আনুষ্ঠানিকভাবে মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার তুলে দেওয়ার কথা।

মাচাদো দীর্ঘদিন ধরেই দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো’র সরকারকে ‘অপরাধী’ বলে নিন্দা করে আসছেন। শুধু তাই নয়, মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে ভেনেজুয়েলার নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। আমেরিকাসহ অনেক দেশই মাদুরো’র শাসনকে অবৈধ বলে গণ্য করে।

উল্লেখ্য, গত অক্টোবরে ৫৮ বছর বয়সী মাচাদো ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। ভেনেজুয়েলায় ‘স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে শান্তিপূর্ণ উত্তরণে’ তাঁর প্রচেষ্টার স্বীকৃতিস্বরুপ মাচাদো-কে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয় বলে জানায় নরওয়েজিয়ান নোবেল কমিটি। 

ভেনেজুয়েলায় মাদুরো সরকারের বিরুদ্ধে নেতৃত্বদানকারী অন্যতম কণ্ঠস্বর হলেন মাচাদো। গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে মাদুরো টানা তৃতীয়বারের মতো ছয় বছরের মেয়াদে বিজয়ী হন। যদিও নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে আন্তর্জাতিক গণমাধ্যমে এবং ভেনেজুয়েলাতেও ব্যাপক আকারে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। 

উল্লেখ্য, নিষেধাজ্ঞার কারণে নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত থাকতে হয় মারিয়া কোরিনা মাচাদোকে। কিন্তু তা সত্ত্বেও বিরোধী প্রার্থী এডমুন্ডো গঞ্জালেসের সমর্থনে বিরোধীদের ঐক্যবদ্ধ করতে সমর্থ হয়েছিলেন মাচাদো। দেশটির জাতীয় নির্বাচন পরিষদ মাদুরোকে বিজয়ী ঘোষণা করলেও ভোটকেন্দ্রের হিসাব অনুযায়ী গঞ্জালেস বিপুল ভোটে জয়ী হয়েছিলেন বলে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়।

প্রসঙ্গত উল্লেখ্য, ভেনেজুয়েলার মাদুরো সরকারের ওপর ইউরোপ-আমেরিকার চাপ প্রতিনিয়ত বাড়ছে। বিশেষ করে সম্প্রতি দেশটির চারপাশে আমেরিকার সামরিক তৎপরতা বৃদ্ধি পেলে ভেনেজুয়েলাও মার্কিন আক্রমণ রুখতে সামরিক প্রস্তুতি নিতে শুরু করেছে। এমন যুদ্ধংদেহী পরিস্থিতিতে ভেনেজুয়েলার আমেরিকা-পন্থী নেতা মারিয়া কোরিনা মাচাদো নোবেল শান্তি পুরস্কার নিতে নরওয়ে যাবেন কি-না, তা সময়ই বলে দেবে।

তথ্যসূত্র: এএফপি, বিবিসি