সৌদিতে এক সপ্তাহে ৭৭৬০ অবৈধ বাসিন্দা গ্রেপ্তার 

এক সপ্তাহে ৭ হাজার ৭৬০ জন অবৈধ বাসিন্দাকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সমন্বয়ে চালানো বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

দেশটির সংবাদমাধ্যম সৌদি গ্যাজেট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

এতে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৪ হাজার ৬০ জন রেসিডেন্সি বা আকামা আইন লঙ্ঘন করেছেন। ২ হাজার ৫৭৪ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং এক হাজার ১২৬ জন শ্রম আইন অমান্য করেছেন।

এ ছাড়া অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে সৌদিতে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হন এক হাজার ১৮৪ জন। তাদের মধ্যে ৭০ শতাংশ ইথিওপিয়ার ও ২৮ শতাংশ ইয়েমেনের নাগরিক। বাকি ২ শতাংশ অন্য দেশের নাগরিক। অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টার সময় গ্রেপ্তার হন ২৫ জন। সৌদি আরব থেকে এরই মধ্যে ৪ হাজার ৬৯০ জন অবৈধ বাসিন্দাকে বহিষ্কার করা হয়েছে।