জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আজ বুধবার এ তথ্য জানিয়েছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, ‘জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে প্রেসিডেন্ট পেজেশকিয়ান কিছুক্ষণ আগে তুরস্কের আনতালিয়ায় পৌঁছেছেন।’
বার্তা সংস্থাটি আরও জানায়, সম্মেলনের ফাঁকে অংশগ্রহণকারী দেশগুলোর নেতাদের ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ও আলোচনা করবেন ইরানের প্রেসিডেন্ট।
তেহরান ছাড়ার আগে পেজেশকিয়ান বলেন, ‘সম্মেলনে আমরা পরিবেশ ধ্বংসে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নেওয়া পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করব।’